ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা উপজেলায় বারি সরিষা-১৪ জাতের ওপর মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘কৃষিই সমৃদ্ধি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৫-২০২৬ অর্থবছরে তেলজাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় গতকাল মঙ্গলবার বিকেলে আলমডাঙ্গা উপজেলার নতিডাঙ্গা ব্লকের বাড়াদী ইউনিয়নে বারি সরিষা-১৪ জাতের প্রদর্শনী মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে এলাকার কৃষক-কৃষাণী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও কৃষি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেনজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. মাসুদুর রহমান সরকার। প্রধান বক্তা ছিলেন জেলা বীজ প্রত্যয়ন অফিসার কৃষিবিদ মো. নূরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মনিটরিং অফিসার কৃষিবিদ মো. হাসান আলী, বাড়াদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাসুদ পারভেজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মাসুদ হোসেন পলাশ।
আলোচনায় বক্তারা বলেন, দেশের ক্রমবর্ধমান ভোজ্যতেলের চাহিদা পূরণ এবং আমদানি নির্ভরতা কমাতে তেলজাতীয় ফসল উৎপাদন বৃদ্ধির কোনো বিকল্প নেই। তারা জানান, বারি সরিষা-১৪ একটি স্বল্পমেয়াদী, উচ্চ ফলনশীল ও রোগবালাই সহনশীল জাত হওয়ায় কৃষকদের মধ্যে এর ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
প্রধান অতিথি বলেন, ‘উপযুক্ত জাত নির্বাচন, আধুনিক চাষাবাদ পদ্ধতি অনুসরণ এবং সময়মতো কৃষি পরামর্শ গ্রহণ করলে সরিষা চাষে কৃষকরা সহজেই লাভবান হতে পারবেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাঠপর্যায়ে কৃষকদের সর্বাত্মক সহায়তা প্রদান করে যাচ্ছে।’ কারিগরি আলোচনায় সরিষা চাষের আধুনিক প্রযুক্তি, সার ব্যবস্থাপনা, রোগবালাই দমন এবং ফলন বৃদ্ধির কার্যকর কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি প্রদর্শনী মাঠ পরিদর্শনের মাধ্যমে কৃষকদের বাস্তব অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হয়। আরও উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রফিকুল ইসলাম।
