ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় জাতীয় আইনগত সহায়তা প্রদান বিষয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। চিফ লিগ্যাল এইড অফিস চুয়াডাঙ্গার আয়োজনে গতকাল মঙ্গলবার দুপুরে শহর সমাজসেবা কার্যালয়ে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে জেলা ও দায়রা জজ আদালতের চিফ লিগ্যাল এইড অফিসার (বিচারক) মোরশেদ আলমের সভাপতিত্বে আলোচনা করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মোস্তাফিজুর রহমান, সমাজসেবা অধিদপ্তর চুয়াডাঙ্গার উপ-পরিচালক সিদ্দিকা সোহেলী রশীদ এবং শহর সমাজসেবা কর্মকর্তা নাজমুল হোসেন।
আলোচকরা জানান, সমাজের পিছিয়ে পড়া ও আর্থিকভাবে অসচ্ছল জনগোষ্ঠীকে রাষ্ট্রীয় খরচে প্রয়োজনীয় আইনগত সহায়তা প্রদান করা হচ্ছে। যারা অর্থের অভাবে আদালতে মামলা করতে বা আইনি সহায়তা নিতে পারছেন না, তারা জেলা জজ আদালতের অধীন জেলা লিগ্যাল এইড কার্যালয়ে যোগাযোগ করলে বিনা খরচে আইনি সহায়তা পাবেন। সেমিনারে অংশগ্রহণকারীদের উদ্দেশে আইনগত সহায়তা পাওয়ার প্রক্রিয়া, আবেদন পদ্ধতি এবং সেবার আওতায় অন্তর্ভুক্ত বিষয়গুলো তুলে ধরা হয়।
