ছবির ক্যাপশন:
ইনসাফভিত্তিক সমাজ ব্যবস্থা ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা জহুরুল ইসলাম আজিজী। গতকাল মঙ্গলবার দিনব্যাপী গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে তিনি চুয়াডাঙ্গা-১ আসনের খাসকররা, জামজামি, ডাউকী ও বেলগাছি ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করেন। এসময় তিনি ঘরে ঘরে গিয়ে জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে হাতপাখা প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান।
গণসংযোগকালে মাওলানা জহুরুল ইসলাম আজিজী বলেন, বাংলাদেশ আজ নেতৃত্বের সংকটে ভুগছে। দুর্নীতি, অনিয়ম ও অবিচারের কারণে সাধারণ মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। আমরা ক্ষমতার রাজনীতি নয়, সেবার রাজনীতি করতে চাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ মানুষের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার এবং একটি প্রকৃত কল্যাণ রাষ্ট্র গঠনের লক্ষ্যে রাজনীতি করে। তিনি আরও বলেন, আমি নির্বাচিত হলে ক্ষমতার মালিক নয়, বরং আপনাদের খাদেম হিসেবে কাজ করব। আল্লাহর ওপর ভরসা করে আমি হাতপাখা প্রতীকে আপনাদের সমর্থন কামনা করছি।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার উপদেষ্টা আবু হানিফ, ইসলামী শ্রমিক আন্দোলন জেলা প্রচার সম্পাদক হাফেজ আব্দুর রহমান, আলমডাঙ্গা উপজেলা সভাপতি মাওলানা আকরাম হোসাইন সাইরাফী, সিনিয়র সহসভাপতি ডা. ওয়ালিদ হোসেন, সেক্রেটারি আমিনুল হক, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। গণসংযোগ কর্মসূচিতে এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ও উৎসাহ লক্ষ্য করা যায়। অনেকেই ইনসাফভিত্তিক নেতৃত্ব ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করেন।
