ছবির ক্যাপশন:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি বহির্ভূতভাবে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করায় চুয়াডাঙ্গা পৌর কলেজের বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একইসঙ্গে দ্রুততম সময়ের মধ্যে নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগের লক্ষ্যে তিনজনের একটি প্যানেল পাঠানোর জন্য কলেজ গভর্নিং বডির সভাপতিকে অনুরোধ করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৭ জানুয়ারি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক পত্রে এই তথ্য নিশ্চিত করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা পৌর কলেজে পদার্থবিজ্ঞান বিষয়ের শিক্ষক শামীমা সুলতানা বর্তমানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে নিয়ম অনুযায়ী, কোনো শিক্ষক যে বিষয়ে পাঠদান করেন, সেই বিষয়টি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত না থাকে, তবে তিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করতে পারবেন না। চুয়াডাঙ্গা পৌর কলেজে পদার্থবিজ্ঞান বিষয়টি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি না থাকা সত্ত্বেও শামীমা সুলতানাকে এই পদে দায়িত্ব দেওয়া হয়েছিল, যা বিশ্ববিদ্যালয়ের বিধিমালা অনুযায়ী সম্পূর্ণ অবৈধ।
বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো পত্রে উল্লেখ করা হয়েছে যে, বেসরকারি কলেজ শিক্ষকদের চাকরির শর্তাবলী রেগুলেশন (সংশোধিত) ২০১৯-এর ধারা ৪ এর উপধারা ২(র) ও (রর) এবং ১৩ জানুয়ারি ২০২৬ তারিখে প্রকাশিত সংশোধিত প্রজ্ঞাপন অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষের পরিবর্তে কলেজের উপাধ্যক্ষ অথবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিষয়সমূহের ১০ জন জ্যেষ্ঠতম শিক্ষকের তালিকা থেকে গভর্নিং বডির সিদ্ধান্তক্রমে ৩ জনের একটি প্যানেল তৈরি করে বিশ্ববিদ্যালয়ে পাঠাতে বলা হয়েছে।
এই নির্দেশনার অনুলিপি চুয়াডাঙ্গা পৌর কলেজের বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই কঠোর অবস্থানে কলেজের শিক্ষক ও অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন, শিক্ষাপ্রতিষ্ঠানের স্বচ্ছতা ও বিধিবদ্ধ নিয়ম বজায় রাখতে এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দ্রুত এই সংকট নিরসনে কলেজ গভর্নিং বডি কার্যকর পদক্ষেপ নেবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
