ছবির ক্যাপশন:
দর্শনা পৌর এলাকায় ভোট চাইতে গিয়ে জামায়াতে ইসলামীর দুই নারী কর্মী বিএনপির কর্মীদের হাতে লাঞ্ছিত ও আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত এক নারী কর্মী রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, গতকাল সোমবার বিকেল সোয়া চারটার দিকে দর্শনা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের হল্ট স্টেশন সংলগ্ন টাওয়ারপাড়ায় ভোট চাইতে যান বাসস্ট্যান্ডপাড়ার আব্দুর রহমানের স্ত্রী মোছা. সুমাইয়া খাতুন ও তার সহযোগী জাহিমা খাতুন। এসময় স্থানীয় বাসিন্দা ও বিএনপি কর্মী সাহাব তাদের পথরোধ করে সুমাইয়া খাতুনের হাত ধরে লাঞ্ছিত করেন বলে অভিযোগ করা হয়।
এ ঘটনার পর খবর পেয়ে বিএনপির আরেক কর্মী মোস্তাফিজুর রহমান মোহন ঘটনাস্থলে এসে তাদের সঙ্গে খারাপ ও অশালীন আচরণ করেন এবং সেখান থেকে চলে যেতে বাধা দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। একপর্যায়ে সেখান থেকে চলে যাওয়ার সময় পেছন থেকে তাড়া করা হলে সুমাইয়া খাতুন পড়ে গিয়ে পায়ে আঘাত পান। পরে দর্শনা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। এ ঘটনায় প্রতিকার ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে গতকাল রাতেই রিটার্নিং অফিসারের কাছে লিখিত আবেদন জমা দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে জামায়াতে ইসলামীর দর্শনা পৌর আমির সাহিকুল ইসলাম অপু বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। তিনি বলেন, ‘বিএনপির কিছু অতি উৎসাহী কর্মীর এ ধরনের আচরণ নিয়ন্ত্রণ না করা হলে ভোটের মাঠের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হবে। অতীতে ফ্যাসিবাদী আওয়ামী লীগের কর্মীরা জামায়াত ও বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে যে আচরণ করেছে, সে ধরনের ঘটনার পুনরাবৃত্তি আমরা বিএনপির কাছ থেকে প্রত্যাশা করি না।’
