ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা-১ আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, ভোটারদের প্রভাবিত করার চেষ্টা ও সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে। একই সঙ্গে বিভিন্ন সড়কের বিদ্যুতের খুঁটিতে প্রতীক টাঙিয়ে আচরণবিধি ভঙ্গের ঘটনাও সামনে এসেছে। এসব অভিযোগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
চুয়াডাঙ্গা-১ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের নির্বাচনী এজেন্ট রেজাউল করিম মুকুটের জেলা রিটার্নিং অফিসারের কাছে করা একটি লিখিত অভিযোগে বলা হয়, ‘উপরোক্ত বিষয়ের আলোকে আপনাকে জানানো যাচ্ছে যে, চুয়াডাঙ্গা-১ আসনের আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের যুগিরহুদা গ্রামে ২৫/০১/২০২৬ তারিখে আনুমানিক দুপর ২টায় জামাতের মহিলা কর্মীরা বাড়ি বাড়ি মহিলা ভোটারদের কোরআন শরীফ ছুঁয়ে শপথ করা ও অর্থের প্রলোভন দেখিয়ে তাদের মোবাইল নম্বর সংগ্রহ করে। এরই সূত্রে মহিলা ভোটারদের সাথে জামাত মহিলা কর্মীদের বচসা হওয়ায় তারা স্থান ত্যাগ করে। পরবর্তীতে উক্ত মহিলা কর্মীরা জামায়াতের সন্ত্রাসী নেতা-কর্মীদের যুগীরহুদা গ্রামে ডেকে নিয়ে আসে। তারই পরিপ্রেক্ষিতে জামায়াত সন্ত্রাসীরা উক্ত গ্রামে দেশীয় অস্ত্র-সস্ত্রসহ আমার ধানের শীষ মহিলা ও পুরুষ নেতা-কর্মীদের ওপর অতর্কিত সঙ্ঘবদ্ধভাবে আক্রমণ করে রক্তাক্ত জখম করে। যা নির্বাচনী আচরণ বিধিমালার ১৫(ঘ) ও ১৬(ঙ) ধারার সুস্পষ্ট লঙ্ঘন। সুতরাং এ বিষয়টি গুরুত্ব সহাকারে বিবেচনান্তে প্রয়োজনীয় তড়িৎ ব্যবস্থা গ্রহণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।’
আরেকটি অভিযোগে বলা হয়, ‘উপরোক্ত বিষয়ের আলোকে আপনাকে জানানো যাচ্ছে যে, চুয়াডাঙ্গা-১ আসনের প্রায় প্রত্যেকটি প্রধান প্রধান ও গ্রামীণ সড়কের বিদ্যুৎ পোলের সাথে দাঁড়িপাল্লা ও প্লাস্টিকের দাঁড়িপাল্লা টাঙানো হয়েছে। যা নির্বাচনী আচরণ বিধির ৭(খ) ও ৭(গ) সুস্পষ্ট লঙ্ঘন। অতএব, এ বিষয়ে আপনার প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণের বিনীত অনুরোধ জানাচ্ছি।’
