ছবির ক্যাপশন:
আলমডাঙ্গার ভাংবাড়ীয়া ইউনিয়নে সড়ক দুর্ঘটনায় দশম শ্রেণির ছাত্র নাহিদ ইসলাম (১৮) নিহত হয়েছে। চিকিৎসার জন্য নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের মাতম নেমে এসেছে। গত শনিবার রাত ১১টার দিকে হাটবোয়ালিয়া-ভালাইপুর সড়কের খোরদ ঈদগাহ মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, চলন্ত একটি ট্রলি থেকে আখ টানতে গিয়ে অসাবধানতাবশত ভারসাম্য হারিয়ে সড়কের ওপর পড়ে গুরুতর আহত হয় নাহিদ।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। তবে রাজশাহীর পথে কুষ্টিয়ার ভেড়ামারা এলাকায় পৌঁছালে অ্যাম্বুলেন্সের মধ্যেই তার মৃত্যু হয়। নাহিদ ইসলাম ভাংবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র এবং খোরদ গ্রামের মালিতাপাড়া এলাকার আনোয়ার হোসেনের সেজো ছেলে।
গতকাল রোববার সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে আইনগত প্রক্রিয়া শেষে বেলা ১১টার দিকে খোরদ কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। নাহিদের অকাল মৃত্যুতে এলাকাবাসী, সহপাঠী ও শিক্ষকরা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
