ছবির ক্যাপশন:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার সীমান্ত ও নির্বাচনী দায়িত্বপূর্ণ এলাকায় টহল ও তল্লাশি কার্যক্রম জোরদার করেছে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)। বিজিবি সূত্র জানায়, গতকাল রোববার থেকে সীমান্ত এলাকার পাশাপাশি জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে নিয়মিত টহল ও তল্লাশি চালানো হচ্ছে। নির্বাচনকে ঘিরে দুষ্কৃতিকারীরা যাতে শান্তিপূর্ণ পরিবেশ অস্থিতিশীল করতে না পারে, সে লক্ষ্যে এই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ বিষয়ে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান বলেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে দায়িত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত টহল, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। বিজিবি জানায়, নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এই নিরাপত্তা তৎপরতা অব্যাহত থাকবে।
