ছবির ক্যাপশন:
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ডের (৫৮ বিজিবি) অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার এবং অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় ১১ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি। বিজিবি জানায়, গতকাল শনিবার সকাল ৭টা ৫০ মিনিটে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ নিমতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৭৫/৩-এস থেকে আনুমানিক ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মাঠে অভিযান চালিয়ে ৩১ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। অভিযানটির নেতৃত্ব দেন সুবেদার মো. আবুল হাসান।
এছাড়া একই দিন ভোর ৫টা ৩০ মিনিটে যাদবপুর বিওপি এলাকায় সীমান্ত পিলার ৪৭/৩-এস সংলগ্ন গোপালপুর গ্রামের কাঁচা রাস্তার পাশে জঙ্গলে অভিযান চালিয়ে ৭৮৪ পিস ভায়াগ্রা ট্যাবলেট ও ৫ বোতল এসকাফ কফ সিরাপ উদ্ধার করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন নায়েব সুবেদার মো. শরীফ উদ্দিন। এদিকে সকাল ৬টা ২০ মিনিটে পলিয়ানপুর বিওপির আওতাধীন এলাকায় সীমান্ত পিলার ৬০/২৬-আর সংলগ্ন এলাকায় নিয়মিত টহলকালে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে গমনকালে ১১ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। আটককৃতদের মধ্যে পুরুষ ৪ জন, নারী ৫ জন ও শিশু ২ জন রয়েছে। অভিযানের নেতৃত্ব দেন হাবিলদার মো. নাসির উদ্দিন।
