ছবির ক্যাপশন:
ঝিনাইদহের মহেশপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে মহেশপুর সরকারি ডিগ্রি কলেজের মিলনায়তনে এ প্রশিক্ষণের আয়োজন করে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট। অনুষ্ঠানে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার আব্দুল্লাহ আল মাসউদ, পুলিশ সুপার মাহফুজ আফজাল, জেলা নির্বাচন কর্মকর্তা আবুল হোসেন এবং মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তারসহ নির্বাচন কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এ প্রশিক্ষণে মহেশপুর উপজেলার মোট ১২০ জন প্রিজাইডিং অফিসার অংশ নেন। প্রশিক্ষণে ভোটগ্রহণের দিন দায়িত্ব পালন, ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষা, ব্যালট পেপার ও ভোটগ্রহণ সামগ্রী ব্যবস্থাপনা, ভোটগ্রহণ প্রক্রিয়া পরিচালনা এবং নির্বাচনসংক্রান্ত আইন ও বিধি-বিধান সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়।
প্রশিক্ষণে বক্তারা বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রিজাইডিং অফিসারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দায়িত্ব পালনের ক্ষেত্রে সততা, নিরপেক্ষতা ও আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
