ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় নেশাগ্রস্ত অবস্থায় মোটরসাইকেল চালানোর দায়ে মান্নান (১৮) নামে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত যুবকের কাছ থেকে মাদকদ্রব্য গাঁজাও জব্দ করা হয়। একই সাথে তাকে ৫০০ টাকা জরিমানা করা হয়। গতকাল শনিবার সদর উপজেলার জাফরপুর মোড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এই শাস্তি ও জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্ত মান্নান চুয়াডাঙ্গা সদর উপজেলার ঠাকুরপুর গ্রামের লাল্টুর ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শনিবার জাফরপুর মোড়ে জেলা প্রশাসনের নিয়মিত তদারকি কার্যক্রম চলছিল। এসময় একটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক মনে হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট চালককে থামার সংকেত দেন। পরবর্তীতে চালকের শারীরিক অবস্থা ও আচরণ পরীক্ষা করে তার নেশাগ্রস্ত থাকার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। তল্লাশিকালে তার হেফাজত থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (গোপনীয় শাখা, স্থানীয় সরকার শাখা, মিডিয়া সেল) আব্দুল্লাহ আল নাঈম। তিনি বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অপরাধ প্রমাণিত হওয়ায় অভিযুক্তকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। সাজা ঘোষণার পরপরই দণ্ডপ্রাপ্ত যুবককে আইনি প্রক্রিয়ার মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের ঝটিকা অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
