ছবির ক্যাপশন:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপি দলীয় পোলিং এজেন্টদের জন্য এক নিবিড় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় দামুড়হুদা উপজেলার দর্শনা থানা ও পৌর এলাকার বিএনপি পোলিং এজেন্টদের অংশগ্রহণে স্থানীয় অংকুর আদর্শ বিদ্যালয় চত্বরে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালার উদ্বোধন করেন ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু। এ সময় তিনি পোলিং এজেন্টদের উদ্দেশে নির্বাচনকালীন দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
কর্মশালায় ভোটগ্রহণ প্রক্রিয়া, ভোটকেন্দ্র ব্যবস্থাপনা, পোলিং এজেন্টদের দায়িত্ব ও ভোট গণনার সময় করণীয়সহ নির্বাচনসংক্রান্ত বিভিন্ন আইনগত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রধান প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন মাহমুদ হাসান খান বাবুর নির্বাচনী প্রধান এজেন্ট ড. আব্দুস সবুর। তিনি বলেন, ভোটের দিন প্রতিটি কেন্দ্রে পোলিং এজেন্টদের সর্বোচ্চ সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে, যাতে ভোটের সঠিক প্রতিফলন নিশ্চিত করা যায়।
সহকারী প্রশিক্ষক হিসেবে জেলা কৃষকদলের আহ্বায়ক মোকাররম হোসেন হাতে-কলমে বিভিন্ন নির্বাচনী ফরম পূরণ ও কারিগরি বিষয়গুলো পোলিং এজেন্টদের বুঝিয়ে দেন।
প্রধান অতিথির বক্তব্যে মাহমুদ হাসান খান বাবু বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পোলিং এজেন্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। আইন অনুযায়ী সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
কর্মশালায় দর্শনা থানা বিএনপির সভাপতি খাজা আবুল হাসনাতসহ জেলা ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এতে দর্শনা থানার বিভিন্ন ইউনিয়নের কয়েকশ পোলিং এজেন্ট অংশগ্রহণ করেন।
