ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা সাহিত্য পরিষদের উদ্যোগে সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক ও প্রতিষ্ঠাতা প্রয়াত কবি আ.ফ.ম সিরাজ সামজির ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে প্রয়াত কবি মইনুল হাসানের স্মরণেও আলোচনা করা হয়। গতকাল বৃহস্পতিবার বাদ আসর কবি সিদ্দিকুর রহমানের বাসভবনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সাহিত্য পরিষদের সাংগঠনিক সম্পাদক ও আলাউদ্দিন আহমেদ পাঠাগারের পরিচালক কবি গোলাম রহমান চৌধুরি।
প্রধান অতিথি ছিলেন সাহিত্য পরিষদের সভাপতি বিশিষ্ট কথাসাহিত্যিক ওমর আলী মাস্টার। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু। বিশেষ অতিথি ছিলেন সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম, হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক আসিফ জাহানসহ স্থানীয় কবি ও সাহিত্যিকরা।
বক্তারা বলেন, কবি আ.ফ.ম সিরাজ সামজি ছিলেন একজন সাধক ও মরমী কবি, যাঁর লেখনীতে ঐশী প্রেম ও মানবিক চেতনার গভীর প্রকাশ ঘটেছে। তাঁর অক্লান্ত পরিশ্রমেই আলমডাঙ্গা সাহিত্য পরিষদ প্রতিষ্ঠিত হয়। অন্যদিকে কবি মইনুল হাসান ছিলেন প্রেমের কবি, যাঁর প্রচেষ্টায় চুয়াডাঙ্গা জেলা লেখক সংঘ প্রতিষ্ঠা লাভ করে। শেষে প্রয়াত কবিদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়।
