ছবির ক্যাপশন:
হৃদরোগ ও স্ট্রোকে মৃত্যুহার কমানো এবং বাংলাদেশ উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণ কর্মসূচিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গাংনীতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নন-কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল (এনসিডিসি) প্রোগ্রাম ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাসুদুর রহমান।
তিনি তাঁর বক্তব্যে বলেন, উচ্চরক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণের মাধ্যমে হৃদরোগ ও স্ট্রোকজনিত মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। এক্ষেত্রে প্রাথমিক স্বাস্থ্যসেবাকে আরও কার্যকর ও শক্তিশালী ভূমিকা পালন করতে হবে। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের বিভাগীয় প্রোগ্রাম অফিসার ডা. শৌভিক রায় এবং সার্ভিলেন্স মেডিকেল অফিসার ডা. আলী নূর হাসান। এছাড়াও উক্ত প্রশিক্ষণে উপস্থিত ছিলেন ফিল্ড অফিসার মো. মোহাইমিনুল ইসলাম এবং ফিল্ড অফিসার মো. মাহফুজুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
কর্মশালায় উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে সরকারের এই কার্যক্রমকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে স্থানীয় সরকার প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, মসজিদের ইমামসহ অন্যান্য ধর্মীয় নেতা ও স্কুল-কলেজের শিক্ষকদের ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। এ প্রশিক্ষণে গাংনী উপজেলার ৩৫টি কমিউনিটি ক্লিনিকের সকল সিএইচসিপি এবং কমিউনিটি গ্রুপের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
