ছবির ক্যাপশন:
শীতার্ত ও অসহায় মানুষের কষ্ট লাঘবের লক্ষ্যে আলমডাঙ্গায় কম্বল বিতরণ কর্মসূচি আয়োজন করেছে যুব ফোরাম। গতকাল বুধবার বেলা ১১টায় আলমডাঙ্গা মাদ্রাসাপাড়ায় উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ কর্মসূচির মাধ্যমে প্রায় শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। যুব ফোরামের সভাপতি মো. আসাদুজ্জামান লিমনের নেতৃত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.এস.এম শাহনেওয়াজ মেহেদী। বিশেষ অতিথি ছিলেন যুব ফোরামের উপদেষ্টা মো. আজিজুর রহমান।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ‘চুয়াডাঙ্গা জেলা যেমন গ্রীষ্মকালে দেশের অন্যতম সর্বোচ্চ তাপমাত্রার মুখোমুখি হয়, তেমনি শীতকালে এখানকার তাপমাত্রা অত্যন্ত কমে যায়। ফলে শীত মৌসুমে অসহায় মানুষের দুর্ভোগ বেড়ে যায়।’ তিনি যুব ফোরামের এ মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং বলেন, সামাজিক সংগঠনগুলোর এমন কার্যক্রম সমাজে মানবিক মূল্যবোধ ও সহযোগিতার সংস্কৃতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ফোরামের সভাপতি মো. আসাদুজ্জামান লিমন। এসময় সংগঠনের সাংগঠনিক সম্পাদক রাতুল ইসলাম, যুগ্ম সম্পাদক সুমাইয়া আফরোজ, কোষাধ্যক্ষ তনিমা আফরোজসহ যুব ফোরামের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
