ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় গণভোটের প্রচারণায় এসে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, ‘গণভোটের প্রশ্নে নিরপেক্ষতার জায়গা নেই। পরিবর্তন চাই, সংস্কার চাই, দুর্নীতি চাই না। আমরা এমন বাংলাদেশ চাই যেখানে সুশাসন থাকবে। সেই জায়গায় পৌঁছাতে হলে আমরা একটি রাষ্ট্র কাঠামো তৈরি করতে চাই। সরকার আসবে যাবে, রাজনৈতিক দল ক্ষমতায় আসবে যাবে, কিন্তু স্বচ্ছ-সুন্দর ও সুশাসনের সুব্যবস্থার নীতি বারবার পাল্টানো সম্ভব নয়। এবার সময় এসেছে গণভোটে রায় দিয়ে সংস্কারের পক্ষে অংশ নেওয়ার। যুগের যুগ একটা দলকে শাসন করার সুযোগ থাকবে না। তবে এসবের পক্ষে যাদের দ্বিমত আছে, তাদেরও রায় দেয়ার সুযোগ রয়েছে। সরকার কাউকে ‘হ্যাঁ’ ভোট দিতে হাত-মুচড়ে ধরছে না।’
গতকাল মঙ্গলবার বেলা তিনটা থেকে পাঁচটা অব্দি জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি আরও বলেন, ‘গণভোটের দায়িত্ব শুধু অন্তর্বর্তীকালীন সরকারের একার নয়। সব রাজনৈতিক দলগুলোরও দায়িত্ব আছে। তাদের বুঝতে হবে, এই সংস্কারের মাধ্যমেই সব রাজনৈতিক দল সংসদে যাওয়ার সম্ভাবনা রাখে। ৫৪ বছরেও সংসদে প্রবেশের সম্ভাবনা ছিল না, এখন তাদের দ্বার খুলেছে। এতে গণতান্ত্রিক ও ইনক্লুসিভ বাংলাদেশ তৈরি হবে।’
নির্বাচন প্রসঙ্গে উপদেষ্টা শারমীন এস মুরশিদ আরও বলেন, আগামী ১২ই ফেব্রুয়ারি ভোট হবেই। সেভাবেই সরকারের গাড়ি চলছে। এরমধ্যে যদি কোনো অঘটন ঘটে, তবে এর দায় নিতে হবে রাজনৈতিক দলগুলোর।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দীন আহমেদ, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন প্রমুখ।
