ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় থানা-পুলিশের পৃথক দুটি অভিযানে ২২৫ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাত ১০টার দিকে উপজেলার আইলহাঁস ও ভাংবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইলের নেতৃত্বে এসআই প্রদীপ বিশ্বাস ও এসআই মিজানুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।
পুলিশ জানায়, প্রথম অভিযানে আইলহাঁস ইউনিয়নের আইলহাঁস গ্রামের ফরহাদ হোসেনের মুদি দোকানের সামনে পাকা রাস্তা থেকে ইমরান হোসেন (২৬) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মজনু রহমানের ছেলে। অপর অভিযানে ভাংবাড়িয়া ইউনিয়নের ভাংবাড়িয়া প্রাইমারি স্কুল পাড়ায় উজ্জলের বাড়ির সামনে পাকা রাস্তা থেকে আরও দুজনকে আটক করা হয়। তারা হলেন ভাংবাড়িয়া প্রাইমারি স্কুল পাড়ার মৃত রামজেদ আলীর ছেলে উজ্জ্বল বিশ্বাস (৪২) এবং নগরবোয়ালিয়া গোরস্থানপাড়ার মৃত আজিবারের ছেলে অনিক (২৪)। এসময় তাদের কাছ থেকে ২২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, গ্রেপ্তারকৃত তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং রোববার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, মাদক নির্মূলে পুলিশের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
