চুয়াডাঙ্গায় বাঁশের লাঠি ব্যবহারের বক্তব্য ঘিরে বিতর্ক

জামায়াত প্রার্থী রুহুল আমিনকে শোকজ

আপলোড তারিখঃ 2026-01-17 ইং
চুয়াডাঙ্গায় বাঁশের লাঠি ব্যবহারের বক্তব্য ঘিরে বিতর্ক ছবির ক্যাপশন:

উসকানিমূলক বক্তব্য দিয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চুয়াডাঙ্গা-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. রুহুল আমিনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। আগামী ১৯ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় কমিটির কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে তাঁকে নির্দেশ দেওয়া হয়েছে। চুয়াডাঙ্গা-২ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির প্রধান এবং জীবননগর সিভিল জজ আদালতের বিচারক নাসির হুসাইন গত মঙ্গলবার এ নোটিশ জারি করেন।


সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১২ জানুয়ারি দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় জামায়াতের একটি নির্বাচনী কর্মশালায় বক্তব্য দেন মো. রুহুল আমিন। ওই বক্তব্যকে উসকানিমূলক ও আচরণবিধি পরিপন্থী উল্লেখ করে বিএনপির প্রার্থী মাহমুদ হাসান খানের প্রধান নির্বাচনী এজেন্ট এম এ সবুর একই দিন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগের পর জেলা প্রশাসকের কার্যালয় থেকে বিষয়টি অনুসন্ধান ও বিচারিক কমিটিতে পাঠানো হয়।


চিঠিতে উল্লেখ করা হয়, কর্মশালার বক্তব্যে মো. রুহুল আমিন নির্বাচনে জয়লাভের লক্ষ্যে বাঁশের লাঠি ব্যবহার ও সংরক্ষণের বিষয়ে নির্দেশনা দিয়েছেন, যা নির্বাচনী আচরণবিধির পরিপন্থী। ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়। এ সংক্রান্ত ভিডিও পেনড্রাইভে সংযুক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়।


কারণ দর্শানোর নোটিশে বলা হয়, ভিডিও পর্যালোচনায় প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। সেখানে দেখা যায়, রুহুল আমিন নির্বাচনের লড়াই প্রসঙ্গে এমন বক্তব্য দিয়েছেন, যা জনমনে ভয়-ভীতি সৃষ্টি করতে পারে এবং নির্বাচনী সহিংসতায় উৎসাহ জোগায়। পাশাপাশি কর্মীদের বাঁশের লাঠি ব্যবহার করতে উৎসাহ দেওয়ার বিষয়টিও উঠে এসেছে। এসব বক্তব্য সুষ্ঠু নির্বাচনী পরিবেশের পরিপন্থী এবং রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর ১৫ ও ১৬ বিধির লঙ্ঘন বলে প্রাথমিকভাবে মনে করছে কমিটি। এ কারণে কেন তাঁর বিরুদ্ধে নির্বাচন কমিশনে সুপারিশসহ প্রতিবেদন পাঠানো হবে না-সে বিষয়ে নির্ধারিত সময়ের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।


এ বিষয়ে জামায়াতের প্রার্থী মো. রুহুল আমিন বলেন, তাঁর বক্তব্যের মূল উদ্দেশ্য ছিল ভোট চুরি রোধ করা। তিনি দাবি করেন, বক্তব্যটি কাউকে ভয় দেখানোর জন্য নয় কিংবা আচরণবিধি লঙ্ঘনের জন্যও নয়। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার পরিকল্পনার অংশ হিসেবেই তিনি ওই কথা বলেছেন বলে দাবি করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)