ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা বড় বাজার কাঁচামাল আড়তদার মালিক সমিতি ও চুয়াডাঙ্গা পৌর ৮ নম্বর ওয়ার্ড বেলগাছি গ্রামবাসীর আয়োজনে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটায় আড়তদার মালিক সমিতির ও সন্ধ্যায় বেলগাছি ক্লাব মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পৃথক দুটি অনুষ্ঠানেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আপসহীন নেত্রী ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি শুধু বিএনপির চেয়ারপার্সন নন, তিনি এ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকারের প্রতীক। আজ আমরা তাঁর রুহের মাগফিরাত কামনায় একত্রিত হয়েছি- এটি আমাদের রাজনৈতিক দায়িত্বের পাশাপাশি নৈতিক দায়িত্বও।’
শরীফুজ্জামান বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়া বহু ত্যাগ স্বীকার করে এ দেশের মানুষের ভোটাধিকার ও বাকস্বাধীনতার জন্য লড়াই করেছেন। স্বৈরশাসনের বিরুদ্ধে তাঁর নেতৃত্ব আজও আমাদের অনুপ্রেরণা দেয়। বারবার কারাবরণ, নির্যাতন ও অবিচারের শিকার হয়েও তিনি মাথানত করেননি। এই আপসহীন মনোভাব থেকেই আমরা শক্তি পাই।’
তিনি আরও বলেন, ‘আজ দেশ গভীর সংকটের মধ্যদিয়ে যাচ্ছে। গণতন্ত্র নেই, মানুষের কথা বলার অধিকার নেই, ন্যায়বিচার নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে হলে গণতান্ত্রিক আন্দোলনের কোনো বিকল্প নেই। বিএনপি সেই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে।’ তিনি বলেন, ‘চুয়াডাঙ্গার মানুষ শান্তিপ্রিয় ও সংগ্রামী। অতীতের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে এ জেলার মানুষ রাজপথে ছিল, ভবিষ্যতেও থাকবে। আজকের এই দোয়া মাহফিল শুধু একটি ধর্মীয় আয়োজন নয়, এটি আমাদের ঐক্যের বার্তা, আমাদের প্রত্যয়ের প্রকাশ।’
বিএনপির এই নেতা বলেন, ‘আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আবার গণতন্ত্রের পথে ফিরবে- এই বিশ্বাস আমাদের আছে। সেই লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, বিভেদ ভুলে দলের শক্তি বাড়াতে হবে।’
চুয়াডাঙ্গা বড় বাজার কাঁচামাল আড়তদার মালিক সমিতির সভাপতি আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, বড় বাজার কাঁচামাল আড়দার সমিতির সাধারণ সম্পাদক মহাসিন আলী বিশ্বাস, বিএনপি নেতা আক্তারুজ্জামান জোয়দ্দার, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুবেল হাসান, ফজলুর রহমান ফজু, আজমল হক ঝড়ু, পল্লব, বিপ্লব, মামুন, ইমন প্রমুখ।
এদিকে, বেলগাছি গ্রামের দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বেলগাছি গ্রামের সাবেক সাধারণ সম্পাদক আবু বকর বিশ্বাস। উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গায় পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু, জেলা মহিলা দলের সভাপতি রউফ উর নাহার রিনা, রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের সাধারণ সম্পাদক হামিদুর রহমান, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান মুক্ত, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন হাসান কাকন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম হাসান, জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি শেফালী বেগম ও পৌর ছাত্রদলের আহ্বায়ক কৌশিক আহমেদ রানা। সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শরিফুল ইসলাম রাজার সঞ্চালনায় দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ সরোবর।
