ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালত অবৈধভাবে ট্রাক্টরে মাটি পরিবহনের দায়ে দুইজনকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে। গতকাল রোববার দুপুরে আলমডাঙ্গা উপজেলার জামজামি ইউনিয়নের হোগলাদাড়ী এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এস.এম শাহনেওয়াজ মেহেদী।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, হোগলাদাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ব্যক্তি মালিকানাধীন একটি পুকুরে খননের আড়ালে দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি কেটে ট্রাক্টরের মাধ্যমে বিক্রি করে আসছিল একটি চক্র। মাটি পরিবহনের সময় রাস্তায় মাটি পড়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দা ও পথচারীদের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হচ্ছিল। এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর উপজেলা প্রশাসন তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে। অভিযানকালে রাস্তার ওপর থেকে মাটি বোঝাই দুটি ট্রাক্টর আটক করা হয়। পরে ট্রাক্টর চালকদের সঙ্গে নিয়ে খননস্থলে গেলে সংশ্লিষ্ট কাউকে সেখানে পাওয়া যায়নি।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪(খ) ধারা লঙ্ঘনের দায়ে ট্রাক্টর চালকদের প্রত্যেককে ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানাপ্রাপ্তরা হলেন জামজামি গ্রামের মাসুম মন্ডলের ছেলে মনি এবং একই গ্রামের জমির আলীর ছেলে আকাশ।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এস.এম শাহনেওয়াজ মেহেদী বলেন, ‘অবৈধভাবে মাটি কাটা ও পরিবহন সম্পূর্ণ বেআইনি। এতে পরিবেশের ক্ষতি হয় এবং সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান নিয়মিতভাবে চলবে।’
