‘প্রতারক নারীর মিথ্যা মামলায়’ অতিষ্ঠ বিএনপি পরিবার

আপলোড তারিখঃ 2026-01-09 ইং
‘প্রতারক নারীর মিথ্যা মামলায়’ অতিষ্ঠ বিএনপি পরিবার ছবির ক্যাপশন:

ঝিনাইদহের শৈলকুপায় শিউলি খাতুন নামে এক ডিভোর্সি নারীর প্রতারণা ও একের পর এক মিথ্যা মামলায় অতিষ্ঠ হয়ে পড়েছে একটি বিএনপি পরিবার। ওই নারী প্রেমের ফাঁদে ফেলে বিভিন্ন সম্মানিত ও ধনাঢ্য পরিবারের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে শৈলকুপা উপজেলা জাতীয়তাবাদী কৃষকদলের সদস্যসচিব খোন্দকার কামরুজ্জামান এক সংবাদ সম্মেলনে শিউলি খাতুনের বিরুদ্ধে এসব অভিযোগ তুলে ধরেন।


লিখিত বক্তব্যে তিনি বলেন, শিউলি খাতুন তার ছেলে নাজমুলের সঙ্গে মিথ্যা প্রেমের সম্পর্ক তৈরি করে আদালতে একটি মিথ্যা মামলা দায়ের করেন। পরে পুলিশি তদন্তে ২০২৫ সালের ১৭ নভেম্বর মামলাটি খারিজ হয়ে যায়। মামলা খারিজের পর শিউলি সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক মানহানিকর পোস্ট দিতে থাকেন এবং আপোষের জন্য ১০ লাখ টাকা দাবি করেন।


সমাজে সম্মান ও শান্তি বজায় রাখতে ২০২৫ সালের ৭ মে শিউলির সঙ্গে তার ছেলের বিয়ে দেওয়া হয় বলে জানান খোন্দকার কামরুজ্জামান। বিয়ের কয়েক মাস পর শিউলি ঝিনাইদহ শহরে বাসা ভাড়া নিয়ে নাজমুলকে নিয়ে বসবাস শুরু করেন এবং তাকে শৈলকুপায় আসতে দিতেন না। কোনো স্থায়ী আয়ের উৎস না থাকলেও তিনি প্রাইভেট কারে চলাফেরা করতেন বলে অভিযোগ করা হয়।


পরে দেড় লাখ টাকার বিনিময়ে নিজেই ডিভোর্সের প্রস্তাব দেন শিউলি খাতুন। এক লাখ টাকায় ২০২৫ সালের ২ ডিসেম্বর ডিভোর্স সম্পন্ন করা হয়। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, শিউলি খাতুন এর আগেও পাঁচটি বিয়ে করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। সম্প্রতি তিনি নিজ শরীরে আগুন দিয়ে ঝিনাইদহ সদর থানায় ধর্ষণ ও নারী নির্যাতনের মামলা দায়ের করেন বলেও অভিযোগ করা হয়। তবে তার এজাহারের সঙ্গে তথ্যপ্রযুক্তির নানা অসংগতি পাওয়া গেছে বলে দাবি করা হয়।


এসময় শিউলির সঙ্গে আরিফ ও জমজম নামে দুই কথিত সাংবাদিকের সংশ্লিষ্টতার অভিযোগও তোলা হয়। তারা হুমকি ও অর্থ আদায়ের সঙ্গে জড়িত বলে অভিযোগ করা হয়।


অভিযোগের বিষয়ে শিউলি খাতুন বলেন, সংবাদ সম্মেলনে যেসব কথা বলা হয়েছে তার কোনোটিই সত্য নয়। আমার একমাত্র স্বামী ছিলেন বিল্লাল হোসেন। ডিভোর্সের পর খোন্দকার কামরুজ্জামানের ছেলে আমাকে ধর্ষণ ও নির্যাতন করেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)