ছবির ক্যাপশন:
দামুড়হুদা উপজেলার চিৎলা গ্রামে বৃদ্ধ পিতা, মা ও বোনকে মারধরের অভিযোগে দুই ছেলে ও এক নাতিকে আটক করেছে দামুড়হুদা মডেল থানা-পুলিশ। আটককৃতরা হলেন- চিৎলা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে ইয়ারুল ইসলাম (৩৬) ও আকতারুল ইসলাম (৩৩) এবং একই গ্রামের কবিরের ছেলে মামুন (২৩)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত ৮টার দিকে পারিবারিক বিরোধের জেরে দুই ছেলে ও নাতি অতর্কিতভাবে আব্দুস সাত্তার (৮০), তার স্ত্রী খাজিরন নেছা ও মেয়ে রোকসানাকে লাঠিসোঁটা দিয়ে মারধর করে গুরুতর আহত করেন। আহতদের শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়। ঘটনার পর ভুক্তভোগী আব্দুস সাত্তার বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি থানার মামলা নম্বর ০২, তারিখ ০৩/০১/২০২৬; ধারাসমূহ—১৪৩/৪৪৮/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩০৪ (দণ্ডবিধি)।
মামলার প্রেক্ষিতে গত সোমবার রাত ১০টার দিকে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মেজবাহ উদ্দিনের নির্দেশনায় এসআই সৈয়দ আসাদের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে দুই ছেলে ও নাতিকে আটক করে। পরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মেজবাহ উদ্দিন বলেন, এটি অত্যন্ত ন্যাক্কারজনক ও দুঃখজনক ঘটনা। বৃদ্ধ পিতাকে মারধরের মতো অপরাধ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অভিযুক্তদের আইনের আওতায় এনে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
