ছবির ক্যাপশন:
অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে মেহেরপুরের জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির ঝটিকা অভিযান পরিচালনা করেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক মেহেরপুর বিআরটিএ কার্যালয়ে এই অভিযান পরিচালনা করেন। অভিযানে জেলা প্রশাসক বিআরটিএতে সেবা নিতে আসা বিভিন্ন ব্যক্তির সঙ্গে কথা বলেন এবং সেবাপ্রদান সংক্রান্ত নানা তথ্য সংগ্রহ করেন। এসময় সেবাগ্রহীতাদের কাছ থেকে বিআরটিএর কার্যক্রম, হয়রানি ও অনিয়মের বিষয়ে মতামত নেন তিনি।
অভিযানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ এবং সদর উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলাম উপস্থিত ছিলেন। বিআরটিএতে সেবা নিতে আসা সাধারণ মানুষ জেলা প্রশাসকের এ ধরনের সরাসরি অভিযানকে স্বাগত জানিয়ে নিয়মিত ও ঘনঘন অভিযান পরিচালনার দাবি জানান। তারা বলেন, এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে সেবার মান বাড়বে এবং দুর্নীতি অনেকাংশে কমে আসবে। জেলা প্রশাসক এসময় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।
