ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ ককটেল ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এসময় এরিন বাদশা (৪০) নামের একজনকে আটক করা হয়। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে ভোর ৩টা পর্যন্ত চুয়াডাঙ্গা সদর উপজেলার নূরনগর গ্রামে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
গতকাল মঙ্গলবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে চুয়াডাঙ্গা সেনা ক্যাম্প জানায়, ক্যাপ্টেন সৌমিক আহমেদ অয়নের নেতৃত্বে একটি টহল দল নূরনগর গ্রামে অভিযান চালায়। অভিযানে গ্রামের মো. সুলতানের ছেলে মো. এরিন বাদশার বাড়িতে তল্লাশি চালিয়ে ২৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তীতে নূরনগর কবরস্থান সংলগ্ন একটি পরিত্যক্ত জায়গা থেকে পরিত্যক্ত অবস্থায় ১৫টি তাজা ককটেল বোমা উদ্ধার করে আভিযানিক দলটি। অভিযান শেষে আটককৃত ব্যক্তি এবং উদ্ধারকৃত ককটেল ও মাদকদ্রব্য চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে আরও জানানো হয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধমূলক কর্মকাণ্ড দমনে এ ধরনের আপসহীন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। যেকোনো ধরনের সন্ত্রাসী বা অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করার জন্য সাধারণ জনগণের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘সেনাবাহিনী আটককৃত ব্যক্তি ও জব্দকৃত মালামাল জমা দিয়েছে। আসামিকে আদালতে সোর্পদ করা হয়েছে।’
