আলমডাঙ্গার হারদী ও ভাংবাড়ীয়ায় এবং দর্শনায় পৃথক আয়োজন

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

আপলোড তারিখঃ 2026-01-07 ইং
আলমডাঙ্গার হারদী ও ভাংবাড়ীয়ায় এবং দর্শনায় পৃথক আয়োজন ছবির ক্যাপশন:

আলমডাঙ্গার হারদী ইউনিয়ন ও ভাংবাড়ীয়া ইউনিয়নে পৃথক ভাবে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের ওসমানপুরু-প্রাগপুর বালিকা বিদ্যালয় মাঠে হারদী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু। হারদী ইউনিয়ন বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা রবিউল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মহিনুল ইসলাম, ভারপ্রাপ্ত সভাপতি মনিরুজ্জামান মনি, সাধারণ সম্পাদক শফিকুল হকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।


আলোচনা সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদান এবং দেশের জন্য তাঁর ত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পরে তাঁর বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


এদিকে একই দিন সন্ধ্যায় আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড মোল্লাপাড়ায় যুবদলের উদ্যোগে যুবদল কার্যালয়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত, মিলাদ পাঠ এবং মরহুমা নেত্রীর রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।


মোল্লাপাড়ার প্রবীণ বিএনপি নেতা আ. রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতান, সহসভাপতি মজিরুল ইসলাম বিজু, যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান রাজা ও মিজানুর রহমান মিজান, সাবেক যুবদলের সাধারণ সম্পাদক ঝন্টু মিয়াসহ বিএনপি, যুবদল, কৃষক দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


অনুষ্ঠানে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন ও দৃঢ় নেতৃত্বের প্রতীক। গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় তাঁর আজীবন সংগ্রাম বিএনপি নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


এদিকে, দর্শনায় বিএনপির প্রয়াত চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বাদ আছর দর্শনা পৌর ৩ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ শোকসভা ও দোয়ার আয়োজন করা হয়। দর্শনা পৌর ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি মোখলেস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক ইকবাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন সমন্বয়ক আব্দুল মালেক মণ্ডল, দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির সভাপতি তোফাজ্জেল হোসেন, বিএনপি নেতা আমিরুল, বাবু, পলাশ, আরিফুল ইসলাম মাস্টার, দর্শনা পৌর যুবদলের সদস্য সচিব জালাল উদ্দিন, সানোয়ার হোসেন, রাকিবুল ইসলাম ব্রাইট, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মান্নান মাস্টার, ছমির শাহ এবং দর্শনা সরকারি কলেজ ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নাফিজ উদ্দিন।


এছাড়া উপস্থিত ছিলেন সালাউদ্দিন, লিটন, হাসান, আলম, সিফাত, সবুজ, লোকমান, ইকবালসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। শোকসভা শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন দর্শনা পৌর যুবদলের আহ্বায়ক আপু সুলতান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)