ছবির ক্যাপশন:
মেহেরপুরের মুজিবনগর উপজেলায় এক কীটনাশক ব্যবসায়ীর ছেলেকে অপহরণের ঘটনা ঘটেছে। অপহরণকারীরা তার পরিবারের কাছে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। অপহৃত যুবকের নাম মাহিদ হোসেন। তিনি মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের বাবুপুর গ্রামের বাসিন্দা কীটনাশক ব্যবসায়ী আমির উদ্দিনের ছেলে। গতকাল মঙ্গলবার রাত আনুমানিক ৯টার দিকে এ ঘটনা ঘটে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মাহিদ তার দুই বন্ধু- একই গ্রামের আজিজুলের ছেলে রিয়াদ ও ইলিয়াসের ছেলে জুনায়েদকে সঙ্গে নিয়ে কোমরপুর বাজার থেকে নিজ গ্রাম বাবুপুরে ফিরছিলেন। পথে কোমরপুর এলাকায় মশিউর রহমানের ইটভাটার কাছে পৌঁছালে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা তাদের তিনজনকে জোরপূর্বক অপহরণ করে।
অপহরণকারীরা তাদের মাঠের ভেতরে নিয়ে যায়। কিছু সময় পর রিয়াদ ও জুনায়েদকে ছেড়ে দিলেও মাহিদকে নিয়ে যায় তারা। এরপর থেকেই মাহিদের পরিবার চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে। এ ঘটনায় মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, মাহিদকে দ্রুত উদ্ধারে পুলিশ কাজ করছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
