ছবির ক্যাপশন:
জীবননগরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ ও এক নার্সারি মালিক গুরুতর আহত হয়েছেন। গতকাল সোমবার সকালে ও দুপুরে এসব দুর্ঘটনা ঘটে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় যশোর সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। জানা গেছে, সোমবার দুপুর ১২টার দিকে জীবননগর পশু হাসপাতালের সামনে মোটরসাইকেলের ধাক্কায় কিতাব আলী (৬০) নামের এক বৃদ্ধ মারাত্মকভাবে আহত হন। তিনি জীবননগর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নতুন ত্তেুলিয়া গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়েন এবং তার ডান পা ভেঙে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে রেফার্ড করেন। এ ঘটনায় পুলিশ মোটরসাইকেলটি আটক করেছে।
অন্যদিকে, একই দিন সকাল সাড়ে ৮টার দিকে জীবননগর-কালীগঞ্জ সড়কের বাঁকা ব্রিকফিল্ড এলাকায় দ্রুতগামী একটি পিকআপ ভ্যানের ধাক্কায় ফজলুর রহমান (৬০) নামের এক নার্সারি মালিক গুরুতর আহত হন। তিনি বাঁকা আশতলা পাড়ার বাসিন্দা ও স্থানীয় ববি নার্সারির মালিক।
প্রত্যক্ষদর্শীরা জানান, যশোর থেকে আসা ফল বোঝাই পিকআপ ভ্যানটি সড়ক পার হওয়ার সময় তাকে ধাক্কা দেয়। আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠান। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান সেখ জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেল ও পিকআপ ভ্যান আটক করেছে। তবে পিকআপ চালক পালিয়ে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
