গরম পানিতে দগ্ধ তিন বছরের শিশু, বাঁচাতে সাহায্য চান বাবা

আপলোড তারিখঃ 2026-01-06 ইং
গরম পানিতে দগ্ধ তিন বছরের শিশু, বাঁচাতে সাহায্য চান বাবা ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের ধান্যঘরা গ্রামের তিন বছরের শিশু সোলাইমান গরম পানিতে দগ্ধ হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছে। অসহায় বাবা আলমগীর হোসেন সন্তানের চিকিৎসা করাতে না পেরে সমাজের সহায়তা কামনা করছেন। জানা গেছে, গত সপ্তাহে ধান্যঘরা গ্রামের ফকিরপাড়ায় নিজ বাড়িতে খেলতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যায় শিশু সোলাইমান। এসময় গরম পানির একটি হাঁড়ি তার গায়ের ওপর পড়ে গেলে সে দগ্ধ হয়। এতে তার ডান হাত, বাম হাত ও শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়।


পেশায় হকার আলমগীর হোসেন ছেলেকে সুস্থ করতে ঢাকার একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে তিন দিন চিকিৎসা চললেও অর্থাভাবে আর চিকিৎসা চালাতে না পেরে সন্তানকে নিয়ে বাড়িতে ফিরে আসতে বাধ্য হন তিনি। বর্তমানে দগ্ধ শিশুটি তীব্র যন্ত্রণায় দিন কাটাচ্ছে। সন্তানের অসহায় কান্না আর আর্তনাদে ভেঙে পড়েছেন বাবা। অর্থনৈতিক অসচ্ছলতার কারণে ঠিকমতো চিকিৎসা করাতে পারছেন না তিনি। আলমগীর হোসেন ভাইয়ের ছেড়ে দেওয়া একটি ঘরে স্ত্রী ও সন্তান নিয়ে বসবাস করছেন। সহায়-সম্বল বলতে তেমন কিছুই নেই।


আলমগীর হোসেন বলেন, ‘আমি আমার সন্তানকে বাঁচাতে চাই। সমাজের বিত্তবানরা যদি একটু সহযোগিতা করেন, তাহলে হয়তো আমার ছেলেটা বেঁচে যাবে।’ শিশু সোলাইমানের সুচিকিৎসা নিশ্চিত করতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবী ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তার পরিবার ও এলাকাবাসী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)