ছবির ক্যাপশন:
তীব্র শীত ও শৈত্যপ্রবাহে বিপর্যস্ত শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিট। ইউনিটের জন্য বরাদ্দকৃত ৬০০টি কম্বলের মধ্যে দুই দিনে জেলার বিভিন্ন এলাকায় ৪৬০টি কম্বল বিতরণ করা হয়েছে। বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের উদ্যোগে গত রোববার রাত ১১টা থেকে গতকাল সোমবার রাত ১০টা পর্যন্ত টানা দুই দিন এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
কম্বল বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন জেলা প্রশাসক ও চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিট চেয়ারম্যানের প্রতিনিধি এনডিসি মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ। এসময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ইউনিটের সেক্রেটারি মোহাম্মদ হামিদুর রহমান, ইউনিট সদস্য মাসুম বাবু, ইউনিট অফিসারসহ রেডক্রিসেন্টের যুব সদস্যরা।
রেডক্রিসেন্ট সূত্রে জানা গেছে, দেওলি, মুক্তারপুর, চিৎলা, কার্পাসডাঙ্গা, কুড়ুলগাছি, মুন্সিপুর, কুতুবপুর, বয়রা, চারুলিয়া, জুড়ানপুর, দর্শনা, কুলতলা, নিশ্চিন্তপুর, রায়পুর ও আন্দলবাড়ীয়া- এইসব এলাকার অসহায়, দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে পর্যায়ক্রমে মোট ৪৬০টি কম্বল বিতরণ করা হয়। শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়ার সময় সংশ্লিষ্টরা বলেন, তীব্র শীতে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া রেডক্রিসেন্টের একটি নিয়মিত কার্যক্রম। শীত যতদিন থাকবে, অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।
স্থানীয় উপকারভোগীরা এই মানবিক উদ্যোগে সন্তোষ প্রকাশ করে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি ও জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান। রেডক্রিসেন্ট ইউনিট সূত্র জানায়, অবশিষ্ট কম্বলগুলোও প্রয়োজন অনুযায়ী পর্যায়ক্রমে জেলার বিভিন্ন এলাকায় শীতার্তদের মাঝে বিতরণ করা হবে।
