ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার দামুড়হুদায় মারপিট ও জখম করার অভিযোগে দায়ের করা মামলায় তিন আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন আদালত। গতকাল সোমবার দুপুরে চুয়াডাঙ্গার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. শাজাহান আলী এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- দামুড়হুদা উপজেলার গোবিন্দহুদা গ্রামের শ্রী গোবিন্দ দাসের দুই ছেলে শ্রী বুদো দাস (৩৫) ও শ্রী সন্তোষ দাস (৪০) এবং একই গ্রামের মৃত রামপদ দাসের ছেলে শ্রী গোবিন্দ দাস।
আদালত সূত্রে জানা যায়, প্রধান আসামি শ্রী বুদো দাসকে দণ্ডবিধির ৩২৫ ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় তাকে ৩ (তিন) বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ৩০ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে। মামলার অন্য দুই আসামি শ্রী সন্তোষ দাস ও শ্রী গোবিন্দ দাসের বিরুদ্ধে দণ্ডবিধির ৩২৩ ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রত্যেককে ৬ (ছয়) মাসের কারাদণ্ড এবং এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদী শ্রী সুনীল দাস নিজ বাড়িতে চামড়ার আড়ত ও গোডাউন দিয়ে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। প্রতিবেশী আসামিরা বাদীর ব্যবসায়িক ক্ষতি করার উদ্দেশ্যে পূর্বপরিকল্পিতভাবে লাঠি, লোহার রড ও দেশীয় অস্ত্র নিয়ে বাদীর বাড়িতে প্রবেশ করে। প্রতিবাদ করলে ১ নম্বর আসামি বুদো দাস লোহার রড দিয়ে ১ নম্বর সাক্ষী শ্রী যাদব দাসের মাথায় আঘাতের চেষ্টা করেন। যাদব দাস হাত দিয়ে তা ঠেকাতে গেলে তার ডান হাতের মাঝের আঙুলের হাড় ভেঙে গুরুতর জখম হয়। পরবর্তীতে বুদো দাস পুনরায় রড দিয়ে যাদব দাসের মাথায় আঘাত করে রক্তাক্ত করেন।
এসময় তাকে উদ্ধারে এগিয়ে এলে ৩ নম্বর আসামি গোবিন্দ দাস বাদীকে লাঠি দিয়ে আঘাত করেন। ২ নম্বর আসামি সন্তোষ দাস ৬ নম্বর সাক্ষী শ্রীমতী মীনা দাসকে এলোপাতাড়ি মারপিট করাসহ শ্লীলতাহানি করেন। এই ঘটনায় সি.আর-৩৭৬/২৪ (দামুড়হুদা) মামলা দায়ের করা হলে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত এই রায় প্রদান করেন।
