চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে নানা আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস পালন

র‌্যালি, আলোচনা সভা ও সুবিধাভোগী সহায়তা প্রদান

আপলোড তারিখঃ 2026-01-04 ইং
চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে নানা আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস পালন ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা, দামুড়হুদা, জীবননগর এবং ঝিনাইদহ ও হরিণাকুণ্ডু উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। গতকাল শনিবার দিবসটি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয় এবং সুবিধাভোগী কিছু মানুষকে কার্ড ও কম্বল প্রদান করা হয়। অনুষ্ঠানে উপজেলা প্রশাসন, সমাজসেবা অফিস, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। বক্তারা সমাজসেবায় প্রযুক্তি ও মানবিক মূল্যবোধের সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম আরও উন্নত ও জনবান্ধব করার গুরুত্বে গুরুত্বারোপ করেন।


চুয়াডাঙ্গা: 
‘প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়’ প্রতিপাদ্যে নানা আয়োজনে চুয়াডাঙ্গায় জাতীয় সমাজসেবা দিবস পালন করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায়  জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরবর্তীতে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক নয়ন কুমার রাজবংশী সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন।এসময় তিনি বলেন, ‘আমাদের সমাজে যেসব শিশু শারীরিকভাবে কোনো না কোনো সমস্যায় ভুগছে, তারা কোনোভাবেই সমাজের বাইরে নয় বা কম গুরুত্বপূর্ণ নয়। বরং তারা আমাদের সমাজেরই একটি অপরিহার্য ও গুরুত্বপূর্ণ অংশ। বিশ্বের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় বহু গুণী ও প্রখ্যাত ব্যক্তি শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও অসাধারণ মেধা ও জ্ঞান দিয়ে সমাজ ও সভ্যতাকে সমৃদ্ধ করেছেন। কেউ হাঁটতে পারেননি, হুইলচেয়ারের ওপর নির্ভরশীল ছিলেন, কিন্তু তাঁদের চিন্তা, মেধা ও সৃজনশীলতা পুরো সমাজকে আলোকিত করেছে। সমাজের সকল মানুষের প্রতি আহ্বান জানাতে চাই আমাদের চারপাশে যে সকল শারীরিকভাবে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু রয়েছে, তাদের যেন আমরা কখনোই অবহেলার চোখে না দেখি। কারণ হতে পারে এই শিশুটিই একদিন আমাদের সমাজকে গর্বিত করবে ও আলোকিত করবে।’তিনি আরও বলেন, ‘যে শিশু শারীরিক সমস্যায় ভুগছে, তাকে কখনোই অবহেলা করা উচিত নয়। বরং তাকে ভালোবাসা, সহানুভূতি ও সমান মর্যাদা দেওয়াই আমাদের নৈতিক দায়িত্ব।একই সঙ্গে বিদ্যালয় পর্যায় থেকেই শিক্ষার্থীদের এসব বিষয় সম্পর্কে সচেতন করা জরুরী। স্কুলের শিশুদের বোঝাতে হবে তাদের সহপাঠীদের মধ্যে কেউ শারীরিক সমস্যায় থাকতে পারে, কিন্তু তাতে তারা কম যোগ্য নয়। তাদের সঙ্গে ভালো আচরণ করতে হবে। কোনোভাবেই তুচ্ছ-তাচ্ছিল্য বা অমানবিক আচরণ করা যাবে না।’
সভার স্বাগত বক্তব্য দেন চুয়াডাঙ্গা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সিদ্দিকা সোহেলী রশিদ। সভায় আরও বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমান ও চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান। সভায় উপস্থিত ছিলেন প্রফেসর রেজাউল করীম, জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, ও বেসরকারি এনজিও।


দামুড়হুদা:
‘প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়’- এই স্লোগানকে সামনে রেখে দামুড়হুদায় জাতীয় সমাজসেবা দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসন, সমাজসেবা কার্যালয় ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানসমূহের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজসেবা অফিসার তোফাজ্জেল হকের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উবায়দুর রহমান সাহেল। বিশেষ অতিথি িিছলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান, মৎস্য অফিসার বিল্লাল হোসেন। অনুষ্ঠানে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সমাজসেবাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা সমাজসেবার কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রযুক্তির ব্যবহার ও মানবিক মূল্যবোধ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।


জীবননগর:
‘প্রযুক্তি ও মানবতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়’- এই প্রতিপাদ্যে জীবননগর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে গতকাল শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা সমাজসেবা অফিসার জাকির উদ্দিন মোড়ল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মকবুল হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন জীবননগর উপজেলা সহকারী সমাজসেবা অফিসার গিয়াস উদ্দিন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার পাভেল রানা, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মনিরুজ্জামান মনির, জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রিপন হোসেন প্রমুখ। এছাড়া বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, সংস্থার প্রতিনিধি ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে পাঁচজন প্রতিবন্ধীকে কার্ড এবং তিনজনকে কম্বল প্রদান করা হয়।


ঝিনাইদহ:
‘প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়’- এই স্লোগানে ঝিনাইদহে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন করা হয়েছে। জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আবদুল কাদের, সহকারী পরিচালক মমিনুর রহমান, সমাজসেবা কর্মকর্তা হাসানুজ্জামান, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা তরিকুল ইসলামসহ অন্যান্যরা বক্তব্য দেন। বক্তারা প্রযুক্তির সঠিক ব্যবহার ও মানবিক মূল্যবোধের সমন্বয়ের মাধ্যমে সমাজসেবা কার্যক্রমকে আরও কার্যকর ও জনবান্ধব করার আহ্বান জানান।


হরিণাকুণ্ডু:
‘প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল শনিবার বেলা ১১টায় হরিণাকুণ্ডু উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
হরিণাকুণ্ডু উপজেলা সমাজসেবা অফিসার শিউলী রানীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা। তিনি বলেন, সরকার তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে সমাজসেবা কার্যক্রমকে প্রান্তিক মানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে। বর্তমানে সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতাসমূহ সরাসরি সুবিধাভোগীদের কাছে পৌঁছে যাওয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়েছে। সাধারণ মানুষের আস্থা অর্জনে সমাজসেবা অধিদপ্তর সাফল্যের সঙ্গে কাজ করে যাচ্ছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)