চুয়াডাঙ্গা-২ আসনের এমপি প্রার্থী নুর হাকিমকে ঘিরে বাড়ছে বিতর্ক

ছাত্রদল নেতাকে ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়ায় উত্তেজনা

আপলোড তারিখঃ 2026-01-04 ইং
চুয়াডাঙ্গা-২ আসনের এমপি প্রার্থী নুর হাকিমকে ঘিরে বাড়ছে বিতর্ক ছবির ক্যাপশন:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চুয়াডাঙ্গা-২ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী মো. নুর হাকিমকে হুমকি দেওয়া ও এ সংক্রান্ত অভিযোগ নিয়ে এলাকায় তীব্র রাজনৈতিক বিতর্ক ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। দর্শনা পৌরসভাসহ পুরো নির্বাচনী এলাকায় বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় বইছে। ঘটনার সূত্রপাত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে। দর্শনা থানা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রিয়েল ইসলাম লিয়ন (রাসেল) তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়ে মো. নুর হাকিমকে ‘ফ্যাসিস্ট সরকারের দোসর’ আখ্যা দিয়ে তাকে রাজনৈতিকভাবে বর্জনের আহ্বান জানান।


ওই পোস্ট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে মো. নুর হাকিম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি দাবি করেন, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তার লোকজনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে এবং রিয়েল ইসলাম লিয়ন (রাসেল) নামের একটি ফেসবুক আইডি থেকে তাকে গালিগালাজ ও হুমকি দেওয়া হয়েছে। এতে তার নিরাপত্তা হুমকির মুখে পড়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগের বিষয়ে রিয়েল ইসলাম লিয়ন (রাসেল) বলেন, তিনি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে রাজনৈতিক মতামত প্রকাশ করেছেন মাত্র। সেখানে কোনো হুমকি বা সহিংস বক্তব্য ছিল না। তার দাবি, নুর হাকিম দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন। এবার তিনি নিজস্বভাবে একটি দলের নিবন্ধন নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন।


তিনি আরও অভিযোগ করেন, এই ফেসবুক পোস্টের জেরে নুর হাকিম তার মালিকানাধীন একটি পত্রিকায় তাকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে সংবাদ প্রকাশ করেছেন, যা তার পারিবারিক, সামাজিক ও রাজনৈতিক মর্যাদা ক্ষুণ্ন করছে। এ ঘটনায় তিনি ও তার দলীয় নেতা-কর্মীরা তীব্র প্রতিবাদ জানিয়েছেন।


অন্যদিকে নুর হাকিম অভিযোগ করে বলেন, রিয়েল ইসলাম লিয়ন (রাসেল) নামের একটি ফেসবুক আইডি থেকে তাকে সরাসরি ভয়ভীতি ও অশোভন ভাষায় হুমকি দেওয়া হয়েছে। বিষয়টি আইনানুগভাবে নিষ্পত্তির জন্য তিনি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।


তবে অভিযোগের পর পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে। নুর হাকিমের মালিকানাধীন পত্রিকায় ছাত্রদল নেতা রাসেল ইসলাম লিয়নকে ‘সন্ত্রাসী’ হিসেবে উল্লেখ করে সংবাদ প্রকাশের অভিযোগ ওঠে। এতে ছাত্রদল, বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়।


দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট বলেন, নুর হাকিম আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন- এটি এলাকাবাসীর কাছে অজানা নয়। তবে কোনো প্রমাণ ছাড়া ছাত্রদল নেতাকে সন্ত্রাসী আখ্যা দেওয়া সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গা জেলা আহ্বায়ক তানভীর অনিক বলেন, নুর হাকিম প্রকাশ্যে আওয়ামী লীগের ব্যানারে রাজনীতি করেছেন এবং সেই দলের এমপি প্রার্থী হিসেবেও এলাকায় গণসংযোগ করেছেন। এখন তিনি কীভাবে আবার নির্বাচনে অংশ নিচ্ছেন, তা বোধগম্য নয়। তিনি ছাত্রদল নেতাকে সন্ত্রাসী আখ্যা দেওয়ার ঘটনায় নিন্দা জানান।
সব মিলিয়ে নুর হাকিমকে ঘিরে এই অভিযোগ-পাল্টা অভিযোগ চুয়াডাঙ্গা-২ আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন করে উত্তেজনা ও অনিশ্চয়তা তৈরি করেছে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)