চুয়াডাঙ্গায় জলবায়ু পরিবর্তনের প্রভাব ও মোকাবিলায় বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা

আপলোড তারিখঃ 2026-01-04 ইং
চুয়াডাঙ্গায় জলবায়ু পরিবর্তনের প্রভাব ও মোকাবিলায় বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব এবং তা মোকাবিলায় স্থানীয় পর্যায়ে করণীয় বিষয়ে গুরুত্বারোপ করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বসুন্ধরা শুভসংঘ চুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজনে গতকাল শনিবার বেলা ১১টায় স্থানীয় দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি হেমন্ত কুমার সিংহ রায়।

প্রধান আলোচক ও রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি উন্নয়ন সংস্থা রিসোর নির্বাহী পরিচালক জাহিদুল ইসলাম। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনজনিত সংকট মোকাবিলায় কেবল রাষ্ট্রীয় উদ্যোগ যথেষ্ট নয়; স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। পরিবেশবান্ধব কৃষি চর্চা, বৃক্ষরোপণ, জলাশয় সংরক্ষণ, প্লাস্টিকের ব্যবহার কমানো এবং নবায়নযোগ্য জ্বালানির দিকে ঝুঁকলে স্থানীয় পর্যায়ে ক্ষতির মাত্রা অনেকাংশে কমানো সম্ভব।

সভাপতির বক্তব্যে হেমন্ত কুমার সিংহ রায় বলেন, বসুন্ধরা শুভসংঘ সমাজের ইতিবাচক পরিবর্তনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক সংকট মোকাবিলায় স্থানীয় পর্যায়ে সচেতনতা সৃষ্টি এবং স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম জোরদার করাই আমাদের অন্যতম লক্ষ্য। তিনি ভবিষ্যতে চুয়াডাঙ্গা জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি, পরিচ্ছন্নতা অভিযান এবং পরিবেশবিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের কথা জানান।

আলোচনা সভায় অংশগ্রহণকারীরা জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা মোকাবিলায় স্থানীয় প্রশাসন, সামাজিক সংগঠন ও সাধারণ জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি পরিবেশ রক্ষায় ব্যক্তি পর্যায় থেকে দায়িত্বশীল আচরণ গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।

এসময় আরও বক্তব্য দেন উপদেষ্টা জামান আখতার ও জিসান আহমেদ। আরও উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান সেলিম, কর্ম ও পরিকল্পনা সম্পাদক আল মুতাকাব্বির সাকিব, দপ্তর সম্পাদক শেখ লিটন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মনোয়ারা খুশি, প্রচার ও প্রকাশনা সম্পাদক শামসুজ্জোহা রানা, ক্রীড়া সম্পাদক সালমান ফার্সি, সদস্য নাফিস আহমেদ, শিক্ষার্থী আকতিয়া সাদিয়া, একাদশ শ্রেণির শিক্ষার্থী ফারজানা আক্তার, রিফাহ মুবাশশিরা ও মুমতাহিনা রহমান মৌলি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)