মহেশপুর সীমান্তে আগ্রাসী হয়ে উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ

১০ বছরে বিএসএফের গুলিতে ২৯ বাংলাদেশি নিহত

আপলোড তারিখঃ 2026-01-04 ইং
মহেশপুর সীমান্তে আগ্রাসী হয়ে উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ছবির ক্যাপশন:

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে আগ্রাসী হয়ে উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বাংলা ভাষাভাষিদের ঠেলে দেওয়ার পাশাপাশি নির্বিচারে সীমান্ত এলাকার মানুষের ওপর গুলি চালিয়ে হত্যা করছে তারা। গত ১০ বছরে বিএসএফ কর্তৃক হত্যার এমন উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। ভারতীয় এই বাহিনী গুলি করে ও অপহরণের পর পিটিয়ে ২৯ জন বাংলাদেশি নাগরিককে হত্যার অভিযোগ রয়েছে। একই সময়ে বিএসএফের হাতে কয়েকশ মানুষ নির্যাতনের শিকার হয়েছেন।


মহেশপুর-৫৮ বিজিবি সূত্রে জানা গেছে, ঝিনাইদহ জেলার সঙ্গে ভারতের ৭২ কিলোমিটার সীমান্ত রয়েছে। এর মধ্যে কাঁটাতারের বেড়া ছাড়াই উন্মুক্ত রয়েছে প্রায় ১০ কিলোমিটার। বাংলাদেশ অংশে মহেশপুর উপজেলার যাদবপুর, মান্দারবাড়ীয়া, শ্যামকুড়, নেপা, কাজীরবেড় ও স্বরূপপুর ইউনিয়ন রয়েছে ভারত সীমান্তঘেঁষা।


প্রাপ্ত তথ্যমতে, মহেশপুরের কাজীরবেড় সীমান্তের বিপরীতে হাবাসপুর ও সুন্দরপুর, বাঘাডাঙ্গা সীমান্তের বিপরীতে ভারতের বর্ণবাড়ীয়া, শীলবাড়ীয়া, গৌড়া, মাইলবাড়ীয়া, স্বরূপপুর সীমান্তের বিপরীতে ভারতের নোনাগঞ্জ ও বেণীপুর, খোসালপুরের বিপরীতে রামনগর ও কুমারী এবং শ্যামকুড় সীমান্তের বিপরীতে ভারতের ছুটিপুর, ফতেপুর ও ভজনঘাট এলাকায় বিএসএফ ক্যাম্প রয়েছে।


ভারতের সীমান্তে সেদেশের ১৪টি বিএসএফ ক্যাম্প গত ১০ বছরে ২৯ জন বাংলাদেশিকে গুলি করে ও পিটিয়ে হত্যা করে এক আতঙ্কিত পরিস্থিতির সৃষ্টি করেছে। এর মধ্যে ২৫ জনের নাম-ঠিকানা পাওয়া গেছে।
সর্বশেষ গত ২৯ নভেম্বর ভারতের টুঙ্গি বিএসএফ সদস্যরা শহিদুল নামে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করে। নিহতের এক সপ্তাহ পর গত ৬ ডিসেম্বর শহিদুলের লাশ ফেরত দেয় বিএসএফ। এছাড়া গত ৩ নভেম্বর মহেশপুর উপজেলার পলিয়ানপুর সীমান্তে বাউলি গ্রামের আবুল কাসেমের ছেলে আব্দুর রহিমকে ভারতের নদীয়া জেলার ধানতলী থানার হাবাসপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি করে হত্যা করে।


প্রাপ্ত তথ্যমতে, গত ১০ বছরে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে যারা নিহত হয়েছেন তারা হলেন- বাঘাডাঙ্গা গ্রামের আলম মিয়া, ওয়াসিম আলী, আব্দুল মান্নান, আত্তাব আলী, তিন সহোদর ফজলুর রহমান, আবু সালেহ ও লিপু হোসেন, সলেমানপুর গ্রামের ইব্রাহিম হোসেন, মিজানুর রহমান, খোসালপুর গ্রামের দুই ভাই সোহেল ও রাশিদুল, মাটিলা গ্রামের আশা মিয়া, হারুন মিয়া, জসিম উদ্দীন, শ্যামকুড় গ্রামের নাসির উদ্দীন, লেবুতলা গ্রামের লান্টু মিয়া, আমিরুল ইসলাম, আন্টু মিয়া, জলুলী গ্রামের খয়জেল হোসেন, গোপালপুর গ্রামের ওবাইদুর রহমান, যাদবপুর গ্রামের জাহিদুল ইসলাম, বাঁকোশপোতা গ্রামের হাসান আলী, বাগাডাঙ্গা জিনজিরাপাড়ার আব্দুল খালেক মিয়া, কাজীরবেড় গ্রামের আশাদুল ইসলাম ও মাইলবাড়ীয়া গ্রামের শফিউদ্দিন।


বিজিবির একটি সূত্র দাবি করেছে, ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ৫৮ বিজিবি ক্যাম্প স্থাপনের পর সীমান্ত হত্যা কিছুটা কমেছে। আগে দূরত্বের কারণে সীমান্তে নজরদারি ব্যবস্থা ছিল অনেকটা ঢিলেঢালা। অবৈধ অনুপ্রবেশ রোধে সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।


সীমান্তের একটি সূত্র জানায়, বাংলাদেশিরা অবৈধ পথে ভারতে প্রবেশ করে মাদক, গরু, অস্ত্র ও সোনা পাচার করতে গিয়ে বিএসএফের গুলির মুখে পড়ে। অনেক সময় বাংলাদেশিদের হাতে বিএসএফ সদস্য আহত হওয়ার খবরও রয়েছে।
এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান সামসুল আলম জানিয়েছেন, ভারতীয় বাহিনীর অনমনীয়তার কারণে সীমান্ত হত্যা বাড়ছে। দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নতি হলেই কেবল সীমান্ত হত্যা রোধ করা সম্ভব। কাজীরবেড় ইউনিয়নের চেয়ারম্যান ইয়ানবী জানান, সীমান্তের ভারতীয় অংশে প্রতি কিলোমিটারে একটি করে বিএসএফ ক্যাম্প রয়েছে। অথচ বাংলাদেশের রয়েছে প্রতি চার কিলোমিটারে একটি। অনেক সময় বাংলাদেশিরা ভুল করে সীমান্ত এলাকায় প্রবেশ করলেই বিএসএফ গুলি করে হত্যা করে।


মহেশপুর-৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল আলম গণমাধ্যমকর্মীদের জানান, সীমান্ত হত্যা ও সীমান্ত অপরাধ দমনে বিজিবি বরাবরই শক্ত অবস্থানে রয়েছে। বিজিবি নিয়মিত গোয়েন্দা নজরদারি ও সীমান্ত এলাকার মানুষকে সচেতন করে সীমান্ত হত্যা বহুলাংশে কমাতে পারছে। তিনি বলেন, আগের চেয়ে এখন সীমান্তের পরিস্থিতি অনেক ভালো।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)