ছবির ক্যাপশন:
জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের সুটিয়া গ্রামে ওয়াজ মাহফিল বন্ধের প্রশাসনিক সিদ্ধান্তের প্রতিবাদে গ্রামবাসীর উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা ধর্মীয় কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ তুলে সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সুটিয়া গ্রামের মেহগনি বাগানে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে সুটিয়া হাফিজিয়া বহুমুখী মাদ্রাসার সভাপতি সেলিম রেজার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপদেষ্টা আব্দুল গাফফার, সদস্য হাফেজ মাওলানা হাফিজুর রহমান, দপ্তর সম্পাদক হাফিজুর রহমান খান নবাব ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম বিশ্বাসসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা। এসময় বিপুলসংখ্যক সাধারণ গ্রামবাসী উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, প্রতিবছরের মতো এবারও সুটিয়া হাফিজিয়া বহুমুখী মাদ্রাসার উন্নয়নের লক্ষ্যে গ্রামবাসীর উদ্যোগে একটি ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে খ্যাতিমান ইসলামি বক্তা মুফতি আমির হামজার উপস্থিত থাকার কথা ছিল। তবে মাহফিল শুরুর দুই দিন আগে প্রশাসনের পক্ষ থেকে মৌখিকভাবে জানানো হয়, অনুষ্ঠানটি আয়োজন করা যাবে না।
গ্রামবাসীরা জানান, বিষয়টি জানতে তারা জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ওয়াজ মাহফিল বন্ধের বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষিত হওয়ায় এ সময় বড় ধরনের গণজমায়েত আইনগতভাবে নিষিদ্ধ। নির্দেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।
সভায় বক্তারা আরও জানান, মাহফিল আয়োজনের অনুমতির জন্য তারা আগে থেকেই প্রশাসনের কাছে লিখিত আবেদন করেছিলেন। হঠাৎ করে এমন সিদ্ধান্তে তারা হতাশ ও মর্মাহত। বক্তাদের অভিযোগ, ব্যক্তিগত ও রাজনৈতিক উদ্দেশ্যে কিছু ব্যক্তি লিখিত অভিযোগ দাখিল করে ধর্মীয় কর্মসূচি বাধাগ্রস্ত করেছে।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়ে আসা একটি ধর্মীয় মাহফিল বন্ধ করে দেওয়া গ্রামবাসীর ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। তারা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে এর প্রতিবাদ জানাচ্ছেন। সভা থেকে সবাইকে আইন মেনে শান্তিপূর্ণভাবে দাবি আদায়ের আহ্বান জানানো হয় এবং কোনো ধরনের বিশৃঙ্খলায় না জড়ানোর অনুরোধ করা হয়।
