আলুকদিয়া ইউনিয়নে কর্মী সভায় জেলা বিএনপির সেক্রেটারি শরীফুজ্জামান শরীফ

সুখ-দুঃখের সঙ্গী হয়ে সবসময় আপনাদের পাশে থাকতে চাই

আপলোড তারিখঃ 2026-01-03 ইং
আলুকদিয়া ইউনিয়নে কর্মী সভায় জেলা বিএনপির সেক্রেটারি শরীফুজ্জামান শরীফ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ছয়টায় দৌলতদিয়াড় ফায়ার সার্ভিসের সামনে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। আলুকদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার সাইফুল ইসলামের সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গায়-১ আসনে বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ।


প্রধান অতিথির বক্তব্যে শরীফুজ্জামান শরীফ বলেন, ‘আজকের এই কর্মী সভা প্রমাণ করে যে, বিএনপি এখনো জনগণের হৃদয়ে শক্ত অবস্থান ধরে রেখেছে। নানা নির্যাতন, মামলা-হামলা ও দমন-পীড়নের পরও আমাদের নেতা-কর্মীরা রাজপথ ছাড়েননি। আলুকদিয়া ইউনিয়নের এই তৃণমূল কর্মীরাই বিএনপির প্রকৃত শক্তি, যাঁরা বুক পেতে দিয়ে দলের পতাকা আগলে রেখেছেন। বিএনপি জন্মলগ্ন থেকেই গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করে আসছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দল গড়ে তুলেছিলেন দেশপ্রেম ও স্বনির্ভরতার আদর্শ নিয়ে। সেই আদর্শকে ধারণ করে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচারবিরোধী আন্দোলনে দেশকে নেতৃত্ব দিয়েছেন। তিনি বারবার কারাবরণ করেছেন, অসুস্থ হয়েছেন, কিন্তু কখনো অন্যায়ের কাছে মাথানত করেননি।’


তিনি আরও বলেন, ‘আজ দেশে যে রাজনৈতিক সংকট চলছে, তার মূল কারণ মানুষের ভোটাধিকার হরণ। জনগণের ভোটে নির্বাচিত সরকার ছাড়া দেশে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারবে, কথা বলতে পারবে, ন্যায়ের পক্ষে দাঁড়াতে পারবে। বিএনপি সেই লক্ষ্যেই রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছে।’


জেলা বিএনপির এই নেতা বলেন, ‘আমি আলুকদিয়ার প্রতিটি নেতা-কর্মীর প্রতি আহ্বান জানাই- এখন সময় এসেছে আরও সংগঠিত ও শৃঙ্খলাবদ্ধ হওয়ার। ব্যক্তিগত দ্বন্দ্ব ও বিভেদ ভুলে গিয়ে দলের বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রতিটি ওয়ার্ড, প্রতিটি পাড়া-মহল্লায় বিএনপির সাংগঠনিক শক্তি আরও মজবুত করতে হবে। আগামী দিনে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জনগণের সরকার প্রতিষ্ঠা করবে- এই বিশ্বাস আমাদের রাখতে হবে। সেই লক্ষ্যে তৃণমূল পর্যায়ের কর্মীদেরই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আন্দোলন-সংগ্রামে কোনো ত্যাগ বৃথা যাবে না, জনগণই একদিন এর জবাব দেবে।’


শরীফুজ্জামান শরীফ বলেন, ‘আলুকদিয়া ইউনিয়নসহ চুয়াডাঙ্গা-১ আসনের মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে আমি সবসময় আপনাদের পাশে থাকতে চাই। একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে আমরা সবাই একসঙ্গে কাজ করব- এই হোক আজকের কর্মী সভার অঙ্গীকার।’


কর্মী সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম মুকুট, সাবেক সাধারণ সম্পাদক আবু জাফর মণ্টু, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, সাবেক ছাত্রনেতা ফারুক হোসেন, আলুকদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কাশেম লাল্টু, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও আলুকদিয়া ইউনিয়ন পরিষদের মেম্বার আল বেলাল, বুড়ো মেম্বার, সাবেক মেম্বার সজল, আলুকদিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি ইখলাস হোসেন, সাবেক কাউন্সিলর মিলন আলীসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)