ছবির ক্যাপশন:
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় চুয়াডাঙ্গায় প্রার্থনার আয়োজন করেছে হিন্দু সম্প্রদায়। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ও বাংলাদেশ পূজা উদ্যাপন ফ্রন্ট-চুয়াডাঙ্গা জেলা শাখার যৌথ উদ্যোগে এ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা বড় বাজারের নিচের বাজারসংলগ্ন শ্রী শ্রী সত্যনারায়ণ মন্দিরে এই প্রার্থনার আয়োজন করা হয়। এসময় বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।
প্রার্থনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার সিংহ রায়, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক সুরেশ কুমার আগরওয়ালা, সদস্যসচিব উত্তম রঞ্জন দেবনাথ এবং বাংলাদেশ যুব হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি পবিত্র কুমার আগরওয়ালা।
এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হেমন্ত কুমার সিংহ রায়, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ চুয়াডাঙ্গা পৌর শাখার আহ্বায়ক শংকর কুমার কর্মকার ও সদস্যসচিব দেবীপ্রসাদ বাগলা, জীবননগর উপজেলা শাখার আহ্বায়ক জীবন সেন ও সদস্যসচিব প্রশান্ত কুমার দাস, দর্শনা পৌর শাখার আহ্বায়ক রতন কুমার লোধ, বাংলাদেশ পূজা উদ্যাপন ফ্রন্টের সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক পান্না ত্রিবেদী এবং হিন্দু কল্যাণ ট্রাস্ট চুয়াডাঙ্গা জেলা শাখার ফিল্ড সুপারভাইজার মিহির কান্তি বিশ্বাসসহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ।
