ছবির ক্যাপশন:
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশে ৩১ ডিসেম্বর, ১ ও ২ জানুয়ারি রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছিল। কিন্তু এই শোকপূর্ণ পরিস্থিতিতে চুয়াডাঙ্গা অঞ্চলের অগ্রণী ব্যাংক দর্শনা শাখায় ‘ভুরিভোজের’ আয়োজন করা হয়েছে। গত বুধবার (৩১ ডিসেম্বর) দর্শনা শাখায় অনুষ্ঠিত ভুরিভোজ অনুষ্ঠানের নেতৃত্ব দেন ব্যাংকের অঞ্চল প্রধান নুরুন্নাহার পরি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দর্শনা শাখার ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন। উপস্থিত ছিলেন আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তারা এবং বিগত সরকারের আমলে গঠিত বঙ্গবন্ধু পরিষদের সহসভাপতি মোহাম্মদ মাসুদ গোলাম ও সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।
স্থানীয়রা বলছেন, শোকের দিনে এই ধরনের আয়োজন সমাজ ও ব্যাংকের প্রতি মানুষের আস্থা নষ্ট করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার তীব্র সমালোচনা হচ্ছে এবং সাধারণ জনগণ প্রশাসনের কাছে তদন্ত ও অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।
এ বিষয়ে জানতে অগ্রণী ব্যাংক চুয়াডাঙ্গা অঞ্চলের অঞ্চল প্রধান নুরুন্নাহার পরির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। তবে অনেকেই এই ঘটনার মাধ্যমে ব্যাংকের নৈতিক দায়িত্ব ও জনমনের প্রতি অমনোযোগ নিয়ে প্রশ্ন তুলেছেন।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ‘শোকের দিনে এমন অনুষ্ঠান আয়োজন কেবল সংবেদনশীলতা হারানোই নয়, সামাজিক অসন্তোষ ও আস্থাভঙ্গের বড় কারণ হতে পারে।’ এদিকে, শোকের মধ্যে ব্যস্ত সময়ে এমন কর্মকাণ্ডের জন্য ব্যাংকের অভ্যন্তরীণ তদারকি, দায়িত্বশীলতার মানদণ্ড এবং নৈতিকতা বিষয়ক প্রশ্নবোধ আরও তীব্র হয়ে উঠেছে।
