ছবির ক্যাপশন:
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া মুহাম্মাদিয়া দারুল উলুম ক্বওমি মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের উদ্যোগে বার্ষিক বদরিন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মোল্লা মো. মোতাহারুল ইসলাম চঞ্চল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা হাকিবুর রহমান লিটন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাখাওয়াত হোসেন, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান এবং সাধারণ সম্পাদক আজিম খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক হযরত মাওলানা জুবায়ের খান, ইসলামী আন্দোলন বাংলাদেশ আন্দুলবাড়ীয়া ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আশাদুর রহমান আসাদসহ ৩১৩ জন বদরিন সদস্য, মাদরাসা পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক, অভিভাবক ও পবিত্র কুরআনের হাফেজ শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করা হয়। পরে দোয়া ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা মুফতি শহিদুল ইসলাম সোহেল আশরাফী। সভা শেষে বদরিন সদস্যদের সম্মানে দুপুরের খাবারের আয়োজন করা হয়। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাদরাসার সিনিয়র শিক্ষক খোরশেদ আলম, হযরত মাওলানা মুফতি আবু বকর সিদ্দিক, লোকমান হোসেন, জুনাইদ হোসেনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
