ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা উপজেলা অফিসার্স ক্লাবের উদ্যোগে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাতের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার উপজেলা অফিসার্স ক্লাবের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তারের সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি), উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহমুদুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন পলাশ এবং উপজেলা প্রকৌশলী তাওহীদ। উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাজ্জাদ হোসেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা আব্দুর রশিদ, উপজেলা পল্লী উন্নয়ন ব্যাংকের ম্যানেজার আনোয়ার হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা জিয়াউল হক, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ও অন্যান্য দপ্তরের কর্মকর্তারা।
বিদায়ী বক্তব্যে মাকসুরা জান্নাত বলেন, আলমডাঙ্গা উপজেলায় দীর্ঘ চার-পাঁচ বছর দায়িত্ব পালনের সময় অনেক সহকর্মীর সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে। এসময় তিনজন উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কাজ করেছি। দীর্ঘ কর্মজীবনে অজান্তে কারও মনে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা প্রার্থনা করছি। নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কাজ করার সুযোগ পেলেও অল্প সময়ের মধ্যেই বদলির আদেশ পাওয়ায় চলে যেতে হচ্ছে। উপজেলা অফিসার্স ক্লাবের সব সদস্যের প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা জানান।
তিনি আরও বলেন, তিনি আলমডাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি চুয়াডাঙ্গা জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার দায়িত্বও পালন করেছেন। চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গার সবাই তাকে যেভাবে সম্মানিত করেছেন, তার জন্য তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ২৭তম বিসিএস শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হওয়ায় নতুন কর্মস্থলের জন্য সবার দোয়া কামনা করেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার বলেন, সরকারি চাকরির অন্যতম শর্ত হলো বদলি। এক স্থান থেকে অন্য স্থানে দায়িত্ব পালন করতে হয়। তবে অল্প সময়ের মধ্যেই মাকসুরা জান্নাতকে একজন কর্মঠ ও দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে পেয়েছি। তিনি যেখানে দায়িত্ব পালন করবেন, সেখানে সাফল্য পাবেন বলে আমরা আশাবাদী।
