চুয়াডাঙ্গায় সংসদ নির্বাচন ঘিরে প্রার্থীদের নিয়ে আচরণবিধি বিষয়ক সভা

নির্বাচনী আচরণবিধি মানতে প্রার্থীদের প্রতি কঠোর বার্তা

আপলোড তারিখঃ 2025-12-31 ইং
চুয়াডাঙ্গায় সংসদ নির্বাচন ঘিরে প্রার্থীদের নিয়ে আচরণবিধি বিষয়ক সভা ছবির ক্যাপশন:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে চুয়াডাঙ্গার দুটি আসনের মনোনয়নপত্র জমাদানকারী প্রার্থীদের নিয়ে আচরণবিধি প্রতিপালন ও গণভোট সংক্রান্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক বি. এম. তারিক উজ জামানের সঞ্চালনায় একটি ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি ও গণভোট সংক্রান্ত বিষয় উপস্থাপন করে সভার কার্যক্রম শুরু হয়।


সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ কামাল হোসেন। তিনি বলেন, ‘আমরা এই দেশের মাটির কাছে প্রতিজ্ঞাবদ্ধ- এবার একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেব। দেশের মানুষ ও বিশ্ববাসীকে দেখাতে চাই, আমরাও ভালো নির্বাচন করতে পারি।’ তিনি আরও বলেন, ‘নির্বাচনকে ঘিরে আমরা কঠোর অবস্থানে থাকব। ভোটের আগে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান জোরদার করা হবে। বিজিবি সীমান্তে টহল বাড়িয়েছে এবং আমরা সীমান্তে কঠোর নজরদারি রাখছি। ভোটকেন্দ্রের ভেতরে বা বাইরে কোনো ধরনের বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না। যে কোনো মূল্যে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ নিশ্চিত করা হবে।’
সভায় পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ‘আজকের এই সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোডম্যাপ ঘোষণার আগেই বাংলাদেশ পুলিশের প্রায় এক লাখ ৫০ হাজার সদস্য এবারের নির্বাচনকে ৫৪ বছরের ইতিহাসে অন্যতম সেরা নির্বাচন হিসেবে গড়ে তোলার চ্যালেঞ্জ গ্রহণ করেছে।’ তিনি আরও বলেন, ‘আপনারা রাজনীতিবিদ, ভবিষ্যতে দেশ পরিচালনার দায়িত্ব আপনাদের ওপর। তাই আপনাদের কর্মী-সমর্থকদের বুঝাতে হবে কোন বিষয়গুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখতে হবে।’


নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচনে পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন। কোথাও নিরাপত্তা ঘাটতি বা ঝুঁকি মনে হলে আমাদের জানাবেন। প্রার্থীদের অনুসারীরা যদি আইন মেনে চলে এবং তথ্য দিয়ে সহযোগিতা করে, তাহলে চুয়াডাঙ্গায় শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব।’ পুলিশ সুপার আরও বলেন, ‘কোনো সমাবেশ করলে আগে জানাতে হবে। একটি ছোট ঘটনা রাষ্ট্রের জন্য বড় সংকট তৈরি করতে পারে।’
সভায় সেনাবাহিনীর চুয়াডাঙ্গা সদর ক্যাম্প কমান্ডার মেজর সালমান হক বলেন, ‘আজকের আলোচনায় যে বিধিবিধান তুলে ধরা হয়েছে, তা আপনারা এবং আপনাদের সঙ্গে কাজ করা সবাইকে জানাবেন। যেন কোনো ধরনের ব্যত্যয় না ঘটে। নিয়ম ভঙ্গ হলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। পরে কেউ যেন না বলেন- ভুল হয়ে গেছে।’ তিনি বলেন, ‘আপনারা সবাই এলাকার সনামধন্য ব্যক্তি। আপনাদের সুনাম যেন নষ্ট না হয়, সেদিকে লক্ষ্য রাখবেন। ১২ ফেব্রুয়ারি যেন একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারি- এটাই আমাদের লক্ষ্য।’


সভায় প্রার্থীদের মধ্য থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী ও জেলা সভাপতি হাসানুজ্জামান সজিব, সহসভাপতি জহুরুল ইসলাম আজিজি এবং এনসিপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব মোল্লা ফারুক এহসান।
চুয়াডাঙ্গা-২ আসনে প্রার্থীদের মধ্যে বক্তব্য দেন বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও জেলা আমির অ্যাডভোকেট রুহুল আমিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হাসানুজ্জামান সজিব এবং এবি পার্টি মনোনীত প্রার্থী ও জেলা সভাপতি আলমগীর হোসেন।


সভায় আরও উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার আহমেদ আলী, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা উবাইদুর রহমান সোহেল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)