চুয়াডাঙ্গার দুটি আসনে মোট ১১ প্রার্থীর মনোনয়নপত্র জমা

ত্রয়োদশ জাতীয় নির্বাচন : শেষ দিনে স্বতঃস্ফূর্তভাবে মনোনয়নপত্র জমা দিলেন প্রার্থীরা

আপলোড তারিখঃ 2025-12-30 ইং
চুয়াডাঙ্গার দুটি আসনে মোট ১১ প্রার্থীর মনোনয়নপত্র জমা ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার দুটি আসনের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল সোমবার মনোনয়ন ফরম জমাদানের শেষ দিনে চুয়াডাঙ্গার দুটি সংসদীয় আসনে মোট ১১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র রিটার্নিং অফিসারের কাছে জমা দেন। তবে এ দুটি আসনে মনোনয়ন ফরম তুলেছিলেন ১২ জন। রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা-১ আসনে ৬ জন ও চুয়াডাঙ্গা-২ আসনে ৫ জন প্রার্থীসহ মোট ১১ জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন।


চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ, জামায়াতে ইসলামীর মনোনীত জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি হাসানুজ্জামান সজিব ও ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সহসভাপতি জহুরুল ইসলাম আজিজি, এবি পার্টির মনোনীত প্রার্থী ও এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা এবং এনসিপি মনোনীত প্রার্থী ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব মোল্লা ফারুক এহসান।


চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাড. রুহুল আমিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি হাসানুজ্জামান সজিব, বাংলাদেশ কংগ্রেসের মনোনীত প্রার্থী ও বাংলাদেশ কংগ্রেসের সদস্য নুর হাকিম এবং এবি পার্টি মনোনীত প্রার্থী ও জেলা এবি পার্টির সভাপতি আলমগীর হোসেন।


উল্লেখ্য, কেন্দ্রীয় কৃষক দলের সদস্য এবং চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য মিলিমা ইসলাম বিশ্বাস স্বতন্ত্র প্রার্থী হিসেবে চুয়াডাঙ্গা-১ আসনে মনোনয়ন ফরম উত্তোলন করলেও তিনি শেষ পর্যন্ত ফরম জমা দেননি। এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ জোটের কৌশল হিসেবে চুয়াডাঙ্গা-১ আসনে দুইজন প্রার্থী এবং চুয়াডাঙ্গা-২ আসনে একজন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। দলটি জোট করলে একজন প্রার্থী সরে দাঁড়াবে বলে জানিয়েছেন নেতা-কর্মীরা।


মনোয়নপত্র দাখিল শেষে চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপির প্রার্থী মাহমুদ হাসান খান বাবু বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ যেন বিনা বাধায় ভোট কেন্দ্রে যেতে পারে এবং তাদের ইচ্ছামতো ভোট প্রদান করতে পারে, এই প্রত্যাশা আমাদের সকলের। আমরা আশা করি, আগামী নির্বাচন জনগণের প্রত্যাশা অনুযায়ী হবে। সাধারণ মানুষ নিজের ইচ্ছামতো ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন। আমরা বিএনপির নেতা-কর্মীরা আচরণবিধি মেনে কাজ করব। আমরা মনে করি আচরণবিধি মেনে চলা আমাদের সকলের দায়িত্ব এবং কর্তব্য। একটি সুন্দর নির্বাচনের আশায় জাতি অধির আগ্রহে অপেক্ষা করছে। আমরা আশা করি একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর নির্বাচন হবে।
চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. শরীফুজ্জামান শরীফ বলেন, নির্বাচনী আচরণবিধি প্রতিপালণে নেতা-কর্মীদের নির্দেশনা দেয়া হয়েছে। এখনো পর্যন্ত নির্বাচনী পরিবেশ ভালো আছে। জনগণের প্রত্যাশা অনুযায়ী ভোট সম্পন্ন হবে বলে প্রত্যাশা করি। আগামী দিনে জয়-পরাজয় যারই হোক না কেন, মাঠের পরিস্থিতি সুষ্ঠু দেখতে চাই। নিরপেক্ষভাবে প্রশাসন দায়িত্ব পালন করবে সেটা আমাদের প্রত্যাশা।
চুয়াডাঙ্গা-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী রুহুল আমিন বলেন, ২৪-এর চেতনায় নতুন বাংলাদেশ গড়তে জনগনের রায়ে যদি আমরা বিজয়ী হই, তাহলে ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়তে সক্ষম হবো। অন্যের হাত থেকে বাংলাদেশকে হেফাজত করবো।


রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, প্রত্যেক প্রার্থীদের আচরণবিধি মেনে চলতে নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে। আমাদের প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। চুয়াডাঙ্গায় দুটি আসনে ৩৫৪টি ভোটকেন্দ্র আছে। কেন্দ্রগুলো মেরামতসহ সার্বিক সব বিষয় দেখা হয়েছে। নিরাপত্তাসহ সব বিষয়ে আমাদের প্রস্তুতি আছে। আশা করি একটি সুন্দর, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে।


চুয়াডাঙ্গা-১ আসন আলমডাঙ্গা পৌরসভা ও উপজেলা এবং সদর পৌরসভা ও উপজেলার আলুকদিয়া, মোমিনপুর, কুতুবপুর, শংকরচন্দ্র ও পদ্মবিলা ইউনিয়ন নিয়ে গঠিত। আসনটিতে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১১ হাজার ৬৫৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৪ হাজার ৩০২ জন এবং নারী ভোটার ২ লাখ ৫৭ হাজার ৩৪৭ জন। মোট ১৮০টি ভোটকেন্দ্রে ৯৭৫টি ভোটকক্ষে ভোটগ্রহণ করা হবে।


অপর দিকে, চুয়াডাঙ্গা-২ আসন জীবননগর ও দামুড়হুদা উপজেলা, জীবনগর পৌরসভা, দর্শনা পৌরসভা এবং চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ, বেগমপুর, গড়ইটুপি ও নেহালপুর ইউনিয়নসহ মোট ২০টি ইউনিয়ন ও দুটি পৌরসভা নিয়ে গঠিত। এই আসনটিতে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯২ হাজার ৪৫৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৬ হাজার ৭১৭ জন এবং নারী ভোটার ২ লাখ ৪৫ হাজার ৭৩৬ জন। মোট ১৭৪ টি ভোটকেন্দ্রে ৯২৬টি ভোট কক্ষে ভোট গ্রহণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)