মেহেরপুরে বিএনপির ৩ বিদ্রোহীসহ ১২ প্রার্থীর মনোনয়ন জমা

আপলোড তারিখঃ 2025-12-30 ইং
মেহেরপুরে বিএনপির ৩ বিদ্রোহীসহ ১২ প্রার্থীর মনোনয়ন জমা ছবির ক্যাপশন:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে মেহেরপুরের দুটি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে বিএনপির ৩ জন বিদ্রোহী প্রার্থীসহ মোট ৫ জন রয়েছেন। গতকাল সোমবার জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবীরের কাছে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন। এসময় স্ব স্ব দলের নেতা-কর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।


রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, মনোনয়ন জমা দেওয়া প্রার্থীদের মধ্যে বিএনপির ৫ জন (এর মধ্যে ৩ জন বিদ্রোহী), জাতীয় পার্টির ২ জন, জামায়াতে ইসলামীর ২ জন, এনসিপির ১ জন, সিপিবির ১ জন এবং ১ জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।


মেহেরপুর-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ। বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রোমানা আহমেদ। এছাড়া জামায়াত মনোনীত প্রার্থী জেলা জামায়াতের আমির তাজ উদ্দিন আহমেদ, জাতীয় পার্টির প্রার্থী মো. আব্দুল হামিদ, এনসিপির প্রার্থী ইঞ্জিনিয়ার সোহেল রানা, সিপিবির প্রার্থী অ্যাডভোকেট মিজানুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী মাহবুবুর রহমান মনোনয়নপত্র জমা দেন। মেহেরপুর-২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি প্রার্থী মো. আমজাদ হোসেন, জামায়াত প্রার্থী নাজমুল হুদা এবং জাতীয় পার্টির প্রার্থী আব্দুল বাকি।


এ বিষয়ে মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিদ্রোহী প্রার্থী অ্যাডভোকেট কামরুল হাসান বলেন, ‘আমরা এখনো আশা করছি মনোনয়ন পরিবর্তনের সুযোগ আছে। দেশের বিভিন্ন স্থানে মনোনয়ন পরিবর্তন হয়েছে। দল যে সিদ্ধান্ত নেবে, সেটিই আমরা চূড়ান্ত বলে মেনে নেব।’ উল্লেখ্য, মনোনয়নপত্র সংগ্রহের সময় মেহেরপুর-১ আসনে ১৪ জন এবং মেহেরপুর-২ আসনে ৬ জন প্রার্থী ফরম তুলেছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)