ছবির ক্যাপশন:
দামুড়হুদা উপজেলার বাঘাডাঙ্গা গ্রামে পূর্ব শত্রুতার জেরে এক ব্যক্তির বসতবাড়ি ভাঙচুর ও নগদ টাকা লুটপাটের অভিযোগ উঠেছে। গতকাল রোববার ভোর আনুমানিক ৬টার দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী কাজেম আলি দামুড়হুদা উপজেলার পাঠাচোরা গ্রামের মৃত পাথার শেখের ছেলে। অভিযোগে তিনি জানান, বাঘাডাঙ্গা মৌজার ১২২০ দাগে তার মালিকানাধীন ৩৬ কাঠা জমির মধ্যে ৬ কাঠা জমিতে তিনি দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। ওই জমি নিয়ে পাঠাচোরা গ্রামের পাথার শেখ ওরফে দ্বীন মোহাম্মদের ছেলে আব্দুর রসিদ ও তার ছেলে রকিবুলের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
অভিযোগ অনুযায়ী, ঘটনার দিন ভোরে আব্দুর রসিদ, তার ছেলে রকিবুলসহ অজ্ঞাতনামা ৫-৬ জন দেশীয় অস্ত্র- বাঁশের লাঠি, লোহার রড ও ধারালো দা নিয়ে কাজেম আলির বাড়িতে অনধিকার প্রবেশ করে। এসময় তারা টিনের চাল ও টিনের দেয়াল দিয়ে নির্মিত ঘর, টিনের দরজা, কাঠের জানালা, আলমারি, ড্রেসিং টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে ব্যাপক ক্ষয়-ক্ষতি করে।
কাজেম আলির অভিযোগ, ভাঙচুরের সময় তার পরিবারের সদস্যরা বাধা দিলে অভিযুক্তরা মারধরের হুমকি দেয়। এ সময় ঘরে থাকা নগদ দুই লাখ টাকা লুট করে নিয়ে যায় বলেও তিনি দাবি করেন। এ ঘটনায় কাজেম আলি বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫-৬ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। নাম উল্লেখ করা আসামিরা হলেন- পাঠাচোরা গ্রামের আব্দুর রসিদ ও তার ছেলে রকিবুল, মৃত মোকাম মল্লিকের ছেলে গোজার মল্লিক এবং বাঘাডাঙ্গা গ্রামের রসুল ফুরুর ছেলে আমিনুল।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাহ উদ্দিন অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
