ছবির ক্যাপশন:
জীবননগর পৌর এলাকায় যৌথবাহিনীর অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তলসহ গোলাবারুদ উদ্ধার করেছে। এ ঘটনায় গাজী জাহিদ হাসান (৩৬) নামের এক যুবককে আটক করা হয়। গতকাল রোববার ভোর চারটার দিকে জীবননগর পৌর এলাকার নারায়ণপুরে এ অভিযান পরিচালনা করা হয়। ক্যাপ্টেন সৌমিক আহমেদ অয়নের নেতৃত্বে যৌথবাহিনীর একটি দল জীবননগর থানা মডেল মসজিদের পাশে অবস্থিত গাজী জাহিদের জাহিন সাইকেল শো-রুমে অভিযান চালায়।
অভিযানকালে শোরুমের ভেতর থেকে একটি বিদেশি পিস্তল, দুটি অ্যামোনেশন, একটি স্মার্টফোন, ১১টি সিম কার্ড ও একটি ব্যাটন উদ্ধার করা হয়। এসময় শোরুমের মালিক গাজী জাহিদ হাসানকে আটক করা হয়। গাজী জাহিদ হাসান জীবননগর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মহানগর দক্ষিণ পাড়ার মো. নুরুল ইসলামের ছেলে।
যৌথবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জাম অবৈধ এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। বিষয়টি নিয়ে জীবননগর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
