দর্শনায় একের পর এক ঘটছে চুরির ঘটনা

সিসি ক্যামেরা বসিয়েও রক্ষা নেই

আপলোড তারিখঃ 2025-12-29 ইং
দর্শনায় একের পর এক ঘটছে চুরির ঘটনা ছবির ক্যাপশন:

দর্শনা পৌর এলাকায় আবারও চুরির ঘটনা ঘটেছে। কোনোভাবেই যেন চুরি থামছে না। চুরি ঠেকাতে বাড়িতে সিসি ক্যামেরা স্থাপন করেও শেষ রক্ষা হলো না। এবার চুরি হয়েছে সেই সিসি ক্যামেরাই। ফলে জনমনে চরম আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে। গত শুক্রবার রাতে দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুর ঈদগাহ পাড়ায় এই দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় দর্শনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।


পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুর ঈদগা পাড়ার মৃত মহি উদ্দীনের ছেলে পল্লী চিকিৎসক শাহিন হোসেনের বাড়িতে এই চুরি সংঘটিত হয়। বাড়ির মালিক শাহিন হোসেন জানান, চোর তার বসতঘরের দেয়ালে স্থাপিত সিসি টিভি ক্যামেরা ভেঙে খুলে নিয়ে গেছে। সকালে বিষয়টি জানতে পেরে তিনি স্থানীয় সাংবাদিকদের অবহিত করেন এবং পরে দর্শনা থানায় লিখিত অভিযোগ করেন।


তিনি আরও জানান, এক সপ্তাহ আগে প্রতিবেশী ইদ্রিসের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়েছিল। ধারণা করা হচ্ছে, ব্যক্তিগত বিরোধের জের ধরেই এই ঘটনা ঘটতে পারে। এর আগে গত ১৯ ডিসেম্বর দুপুরে দর্শনা প্রেসক্লাবের সামনে বিসমিল্লাহ ইলেকট্রিক দোকানে নামাজের সময় চুরি হয়। এর ১০-১৫ দিন আগে কেরু মিল গেটের সামনে হাজী আব্দুল কাদেরের দোকানেও ঠিক একই সময়ে চুরির ঘটনা ঘটে। এছাড়াও দর্শনা থানাধীন রেলবাজারসহ বিভিন্ন দোকান ও গ্রামে দিন-রাতে একের পর এক চুরির ঘটনা ঘটেই চলেছে।


এসব চুরির ঘটনায় জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে। চুরি ঠেকাতে অনেকেই বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা স্থাপন করলেও এবার সেই ক্যামেরা চুরির ঘটনায় সচেতন মহলেও ব্যাপক সমালোচনা ও উদ্বেগ দেখা দিয়েছে।
এ বিষয়ে দর্শনা থানার ওসি মেহেদি হাসান বলেন, সিসি ক্যামেরা চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তিনি সাধারণ জনগণকে আরও সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেন, বিশেষ করে দিনের বেলায় চুরির বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে এবং পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে।


তিনি আরও বলেন, পূর্বের বিভিন্ন চুরির ঘটনায় চোর শনাক্ত করে চুরিকৃত মালামাল উদ্ধার করা হয়েছে। এই ঘটনাসহ আগের চুরির ঘটনাগুলোর সঙ্গেও জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)