ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা থানাধীন ভাংবাড়ীয়া ইউনিয়নের খোরদ গ্রামে বসতবাড়ি থেকে চুরি হওয়া একটি পাখিভ্যান উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, খোরদ গ্রামের উম্বাদ আলীর ছেলে মিলন আলীর (৩৮) বসতবাড়ি থেকে কয়েকদিন আগে একটি পাখিভ্যান চুরি হয়। ভ্যানটি তার পরিবারের জীবিকার একমাত্র অবলম্বন হওয়ায় চুরির ঘটনায় পরিবারটি চরম দুর্ভোগে পড়ে।
ঘটনার পর ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ মিজানুর রহমানের নেতৃত্বে একটি অভিযানিক দল তদন্ত শুরু করে। গত শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হওয়া অভিযানে খোরদ গ্রাম ছাড়াও কুষ্টিয়া জেলার বটতলী এবং রাজবাড়ী জেলার গোয়ালন্দ এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
পুলিশের ধারাবাহিক অভিযানের একপর্যায়ে চুরি হওয়া পাখিভ্যানটি উদ্ধার করা হয়। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- খোরদ গ্রামের ছানুয়ার আলীর ছেলে উকিল আলী (৫০), কুষ্টিয়ার বটতলী এলাকার আলী হোসেন পঁচার ছেলে সবুজ হোসেন (২৩), আব্বাস আলীর ছেলে ইসমাইল হোসেন (৩০), এবং অপর একজন সহযোগী।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে চুরি হওয়া পাখিভ্যান উদ্ধার ও অভিযুক্তদের গ্রেপ্তারের খবরে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা পুলিশের এই তৎপরতার প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধে নিয়মিত টহল জোরদারের দাবি জানান।
