গাংনীতে মানবিক দৃষ্টান্ত গড়েছেন গোরখোদকরা

নিঃস্বার্থ সেবায় কবর খোঁড়েন তাঁরা

আপলোড তারিখঃ 2025-12-27 ইং
গাংনীতে মানবিক দৃষ্টান্ত গড়েছেন গোরখোদকরা ছবির ক্যাপশন:

মৃত্যু অবধারিত সত্য। জীবনের শেষ অধ্যায়ে মানুষকে পৌঁছে দেওয়া হয় তার চিরস্থায়ী ঠিকানা কবরে। এই গুরুত্বপূর্ণ কাজটি নিঃস্বার্থভাবে করে যাচ্ছেন মেহেরপুরের গাংনী উপজেলার দেবীপুর গ্রামের একদল মানুষ। মৃত্যুর সংবাদ পেলেই তাঁরা ছুটে আসেন কবর খোঁড়ার কাজে। বিনিময়ে নেন না কোনো পারিশ্রমিক। গ্রামবাসীর কাছে তাঁরা পরিচিত ‘গোরখোদক’ নামে।


সরেজমিনে দেখা গেছে, দেবীপুর গ্রামের এসব গোরখোদক নিজেদের ইচ্ছায় ও দায়িত্ববোধ থেকে মৃত ব্যক্তির কবর খোঁড়ার কাজ করেন। গ্রামে কেউ মারা গেলে নিজেদের কাজ ফেলে রেখে তাঁরা কবরস্থানে চলে যান। শুধু নিজ গ্রাম নয়, পাশের কোনো গ্রাম থেকেও ডাক এলে সেখানে গিয়েও একইভাবে কবর খুঁড়ে দেন। গোরখোদক মজিরুল ইসলাম বলেন, প্রায় ৫৫ বছর ধরে তিনি এই কাজ করে আসছেন। যতদিন শরীর সায় দেবে, ততদিন এই কাজ চালিয়ে যেতে চান। তিনি বলেন, ‘আমি গরিব মানুষ, মাঠে কাজ করি। কিন্তু কেউ মারা গেলে সব কাজ ফেলে কবর খুঁড়তে যাই। এটা এখন আমার জীবনের অংশ হয়ে গেছে। নতুন প্রজন্মকেও শেখাচ্ছি, যেন ভবিষ্যতে তারা এই দায়িত্ব নিতে পারে।’


আরেক গোরখোদক শাকের আলী বলেন, ‘আমরা কখনো টাকা নিই না। নিজের কাজ থাকলেও মৃত্যুর খবর পেলে সঙ্গে সঙ্গে কবর খোঁড়ার কাজে চলে আসি।’ ফুয়াদ হোসেন বলেন, ‘অন্য গ্রাম থেকেও ডাকলে আমরা যাব। আল্লাহর সন্তুষ্টির জন্যই এই কাজ করি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন সুস্থ থেকে এই কাজ চালিয়ে যেতে পারি।’ স্থানীয় বাসিন্দা শাজাহান আলী জানান, গ্রামের কেউ মারা গেলে এই গোরখোদকরা যেখানে থাকুক না কেন, খবর পেয়ে দ্রুত চলে আসেন। তিনি বলেন, ‘এটা খুব বড় দায়িত্বের কাজ। আমরা তাদের জন্য সবসময় দোয়া করি।’


এ বিষয়ে মাওলানা মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, মৃত ব্যক্তির জন্য কবর খোঁড়া একটি মহৎ ও সওয়াবের কাজ। হাদিসে এ কাজের বড় ফজিলতের কথা বলা হয়েছে। তিনি বলেন, যারা এই দায়িত্ব পালন করেন, সমাজের উচিত তাদের সম্মান করা এবং সুস্থতার জন্য দোয়া করা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)