ছবির ক্যাপশন:
খ্রিস্টান স¤প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন গতকাল বৃহস্পতিবার বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আনন্দ, উৎসব ও বর্ণিল আয়োজনে উদ্যাপিত হয়েছে। এই দিনে খ্রিস্ট ধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্ট জন্মগ্রহণ করেন, যিনি পৃথিবীতে শান্তির বার্তা ও ন্যায়ের পথ দেখাতে এসেছিলেন বলে খ্রিস্ট ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন। দিবসটি উপলক্ষে দেশের সব গীর্জায় বিশেষ প্রার্থনা ও সরকারি ছুটি ছিল।
জানা গেছে, চুয়াডাঙ্গা জেলার মধ্যে কার্পাসডাঙ্গায় সবচেয়ে বেশি সংখ্যক খ্রিস্টান স¤প্রদায়ের লোক বাস করে। জেলার ডিহি কৃষ্ণপুরের খ্রিস্ট জয়ন্তী গীর্জা, খেজুরার সেন্ট জেমস্ চার্চ, সেভেস্থ ডে অ্যাডভেন্টিস্ট চার্চ, চুয়াডাঙ্গার হাটকালুগঞ্জ এজি চার্চ, দামুড়হুদা কার্পাসডাঙ্গা ক্রাইস্ট চার্চ, কার্পাসডাঙ্গা যিশু হৃদয় গীর্জা, কার্পাসডাঙ্গা শান্তি রাণী গীর্জা, বাঘাডাঙ্গা এজি চার্চ, প্রেসবিটারিয়ান চার্চ এবং দর্শনা কেরু অ্যান্ড কোং সেন্ট পলস্ চার্চ- এই সবকটি স্থানেই এবার বর্ণিল আয়োজন চোখে পড়ে।
প্রতিটি গীর্জায় স্থাপন করা হয়েছিল গোশালা; রঙিন কাগজ, ফুল ও আলোর বিন্দু দিয়ে সাজানো হয়েছিল ঐতিহ্যবাহী ক্রিসমাস ট্রি। পরিবারগুলোতে তৈরি হয় কেক, জ্বলে মোমবাতি। শিশুদের আনন্দ বাড়াতে হাজির হন সান্তা ক্লজ, চলে উপহার সামগ্রী বিনিময়। ধর্মীয় উৎসবটি যাতে শান্তিপূর্ণভাবে উদ্যাপিত হয়, সে জন্য চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।
গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটায় যিশু খ্রিস্টের শুভ জন্মদিন উপলক্ষে চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম দামুড়হুদা মডেল থানাধীন কার্পাসডাঙ্গা মিশনপাড়া ক্রাইস্ট চার্চ অফ বাংলাদেশ এবং যীশু হৃদয় রোমান ক্যাথলিক চার্চ পরিদর্শন করেন। এসময় পুলিশ সুপার গীর্জাগুলোতে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন এবং জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা স্বরূপ কেক প্রদান করেন। তিনি খ্রিস্টান স¤প্রদায়ের সর্বাঙ্গীণ মঙ্গল ও শান্তি কামনা করেন।
পুলিশ সুপার বলেন, ‘বড়দিন উপলক্ষে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে জেলা পুলিশের একাধিক টিম নিয়োজিত রয়েছে। আমরা সকলকে উৎসবমুখর পরিবেশে ধর্মীয় উৎসব উদ্যাপনের আহ্বান জানাই এবং যেকোনো প্রয়োজনে সর্বোচ্চ আইনগত সহায়তা প্রদানের আশ্বাস দিই। জেলা পুলিশ সর্বদা জনগণের সেবায় বদ্ধপরিকর।’
গীর্জা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মো. আনোয়ারুল কবীর, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ উদ্দিনসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
