ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নে বিএনপির পদযাত্রায় হামলার মামলার আসামি কালিদাসপুর ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ আলীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গতকাল বুধবার ভোররাতে কালিদাসপুর ইউনিয়নের ডম্বলপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। গ্রেপ্তারকৃত এরশাদ আলী ডম্বলপুর গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে। তিনি কালিদাসপুর ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন এবং পরাজিত হন।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১১ ফেব্রুয়ারি বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খাদিমপুর ইউনিয়নে পদযাত্রার আয়োজন করা হয়। ওই দিন মহাসিন আলীর নেতৃত্বে বিএনপির প্রায় ৩০ থেকে ৪০ জন নেতা-কর্মী পদযাত্রায় অংশ নিতে খাদিমপুরের দিকে যাচ্ছিলেন। পথে পাঁচকমলাপুর গ্রামের হায়দার মোড় এলাকায় পৌঁছালে আওয়ামী লীগের নেতা-কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। এসময় বিএনপি নেতা-কর্মীদের মারধর করা হয় এবং ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। হামলার সময় অন্তত পাঁচটি মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠে।
এ ঘটনায় দীর্ঘ তদন্ত শেষে ২০২৪ সালের ১০ নভেম্বর আলমডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়। পুলিশ জানায়, মামলার তদন্ত চলমান রয়েছে। তদন্তে এরশাদ আলীর সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানায় পুলিশ।
